Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 22 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

📅 21 November 2026, 05:53 PM | 👁️ পঠিত: 31 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক -

মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেন, আওয়ামী লীগ ও বিএনপি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যৌথভাবে ইঞ্জিনিয়ারিং করেছিল। বিএনপি মনে করেছিল আওয়ামী নামক এই কাল সাপ বিএনপিকে শান্তিতে দেশ পরিচালনা করতে দেবে, কিন্তু আওয়ামী লীগ নামক কাল সাপ বিএনপিকে গোপালগঞ্জের নৈরাজ্যের মাধ্যমে ছোবল মারতে শুরু করেছে।

তিনি আরও বলেন, জুলাই সনদ মেনে নিলে বিএনপির সঙ্গে ঐক্য হবে। জাতীয় ঐক্য গড়ে তুলে আওয়ামী লীগের বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ করে তোলা হবে।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনে জামায়াতকে ঠেকানোর জন্য বিএনপি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সঙ্গে লিয়াজো করেছিল যার কারণে আজকে বিএনপি আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না।

আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, জাতীয় ঐক্যের জন্য বিএনপিকে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। নতুবা সামনে বিএনপি সরকারের জন্য আরও ভয়াবহ দিন আসতে পারে।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) বিদেশে থেকে বাংলাদেশে নৈরাজ্য চালাচ্ছে কিন্তু বিএনপি সরকার আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের টার্গেট হচ্ছে নিরীহ কর্মী-সমর্থকদের লেলিয়ে দিয়ে নৈরাজ্য সৃষ্টি করা এবং সরকারকে ব্যর্থ করা।

তিনি আরও বলেন, বর্তমান সরকার গণভোটের গণরায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করার ফলে জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন হলে জাতীয় ঐক্য অটুট থাকবে। এবং আওয়ামী সন্ত্রাসীদের জনগণ প্রতিহত করতে রাজপথে নেমে আসবে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সরকার তলে-তলে অতিরিক্ত মাখামাখি বন্ধ না করলে সরকার সফল হতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাত। এছাড়াও ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শুরা ও কর্মপরিষদ সদস্যরাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে, বায়তুল মোকাররম উত্তর গেট থেকে হাজার-হাজার নেতাকর্মী ও স্থানীয় জনতা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]