Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 18 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

📅 17 November 2026, 07:42 PM | 👁️ পঠিত: 22 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক -

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতির বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোনের মেয়ে ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদনও করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।

 

তিনি জানান, শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা দায়ের করেছে দুদক। এর মধ্যে সাতটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। এসব মামলার অনুসন্ধান ও তদন্তে দেশে-বিদেশে ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। অনুসন্ধানে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা লুটপাট করে ৩০০ মিলিয়ন ডলার পাচার, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন ঘিরে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ক্ষতিসাধন এবং আটটি প্রকল্প থেকে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে আসে। 

 

 

এ ছাড়া সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।

সংবাদ সম্মেলনে দুদক সচিব জানান, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে নতুন করে সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এসব সম্পদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

সাইদুর রহমান খান বলেন, সংখ্যার চেয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ এবং বিচার নিশ্চিত করাই দুদকের লক্ষ্য।

এসব মামলার আসামিদের বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]