সিলেট নিউজ টাইমস্ ডেস্ক -
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, অবাধ, সূষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তৃণমূলে জনগণের সেবা নিশ্চিত করতে আগামী ইউপি নির্বাচনে সৎ, মেধাবী ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে হবে। তাহলেই কাঙ্খিত সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।
আজ বুধবার (১১ নভেম্বর) দাউদকান্দি পৌর সদরে ‘মারুফ ভিলা’য় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেঘনা উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান সমন্বয়কারী ড.খন্দকার মারুফ এইসব কথা বলেন।
চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ায় বিশেষ সমন্বয়কারী ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.আবুল হাশেম। বাছাই প্রক্রিয়ায় সদস্য হিসেবে মেঘনা উপজেলা বিএনপি'র আহবায়ক আবদুল অদুদ মুন্সি ও সদস্য সচিব এস.এম সালাহউদ্দিন সরকার উপস্থিত ছিলেন। এই সময় মারুফ ভিলা প্রাঙ্গণে প্রচুরসংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর সমাগম ঘটে।
ড.খন্দকার মারুফ বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে গণতন্ত্রের ভিত্তি মজবুত হয়। আর গণতন্ত্রের প্রথম পাঠশালা-ই হচ্ছে- স্থানীয় সরকার কাঠামোর ব্যবস্থাপনা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন। এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভিত্তি দূর্বল হলে,গণতন্ত্রের যাত্রাপথ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফলে তৃণমূল পর্যায়ে জনগণের উন্নয়ন অগ্রগতি মুখ থুবড়ে পড়বে। আর এই জন্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৭বছরে কোনো নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। ২০১৪-তে একদলীয়, ২০১৮-তে দিনের ভোট আগের রাতে এবং ২০২৪-এ পাতানো ডামি নির্বাচন করেছে। এইভাবে তারা গায়ের জোরে ১৭ বছর ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল। ফ্যাসিস্ট হাসিনা দেশের অর্থনীতি এবং সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে পালিয়েছে।
খন্দকার মারুফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে সরকার জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে বদ্ধপরিকর। দেশে সুস্থ ধারার রাজনীতি, টেকসই উন্নয়ন ও গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের কোনো বিকল্প নেই। তিনি ফ্যাসিস্ট আ’লীগের ধ্বংস ও আতঙ্কের রাজনীতির বদলে দেশে শান্তি, উন্নয়ন ও সুস্থ ধারার রাজনীতি চালু করেছেন। ইতোমধ্যে জনগণ এই সুস্থ ধারার রাজনীতিতে শামিল হয়েছেন। আ’লীগের জুলুম ও আতঙ্কের রাজনীতি মানুষ আর দেখতে চায় না।
তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা তৃণমূল পর্যায়ে গণতন্ত্র চর্চার সুযোগ তৈরি করে। এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পায়। ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনের মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব তৈরির প্রশিক্ষণ ইন্সটিটিউট। স্থানীয় পর্যায় থেকেই রাজনৈতিক সচেতনতা, ভবিষ্যৎ নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা গড়ে ওঠে।
ড. খন্দকার মারুফ আসন্ন ইউপি নির্বাচনে দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও গণতান্ত্রিক ব্যবস্থাকে অধিক শক্তিশালী করতে চেয়ারম্যান ও মেম্বার পদে সৎ, মেধাবী এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রার্থীদের ভোটে নির্বাচিত করার জন্য উদাত্ত আহ্বান জানান।