Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 03 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা

📅 03 November 2026, 03:31 PM | 👁️ পঠিত: 22 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা

লুৎফর সিকদার-গোপালগঞ্জ-

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের প্রস্তাবিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ বোরহান উদ্দিনের সভাপতিত্বে এতে জেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশনায় এ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাঁর জানাজা ও দাফন কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং খনন করা কবর ভরাট করে দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটি শুধু একজন বীর মুক্তিযোদ্ধার অসম্মান নয়, বরং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও আত্মত্যাগের প্রতি চরম অবমাননা।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার পর থেকেই দেশবিরোধী পরাজিত শক্তি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কোনো মুক্তিযোদ্ধা কিংবা তাঁদের পরিবার যেন রাজনৈতিক পরিচয় বা মতপার্থক্যের কারণে হয়রানি ও হুমকির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে বিভিন্ন স্থানে হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের আশঙ্কায় প্রশাসনকে কঠোর ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
পিরোজপুরের এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দেশের সকল বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সর্বনিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান বক্তারা।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]