Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 20 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

সাংবাদিকদের বিরুদ্ধে জিডি : বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ

📅 20 September 2026, 02:41 PM | 👁️ পঠিত: 20 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সাংবাদিকদের বিরুদ্ধে জিডি : বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক -

মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে কাউনিয়া প্রেসক্লাবের ৩ জন পেশাদার সাংবাদিকসহ অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সাধারণ ডায়েরি (জিডি) করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম।

ভুক্তভোগী সাংবাদিকরা হলেন, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গ্রিন টিভি প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দেশের কণ্ঠ প্রতিনিধি মঞ্জুরুল আহসান শামীম এবং এনটিভি মাল্টিমিডিয়া রিপোর্টার মনোয়ার হোসেন সুজন।

এ ঘটনায় আজ এক বিবৃতিতে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের সভাপতি মোঃ কুতুব উদ্দিন* বলেন -

সাংবাদিকদের কলম থামিয়ে সত্য আড়াল করা যায় না। সংবাদ প্রকাশের পর কোনো আপত্তি থাকলে প্রেস কাউন্সিলে যাওয়া বা প্রতিবাদলিপি দেওয়ার বিধান রয়েছে। কিন্তু তা না করে সরাসরি থানায় গিয়ে সাংবাদিকদের নামে জিডি করা স্পষ্টতই পেশাগত দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি প্রদর্শন এবং স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করার অপচেষ্টা।

তিনি আরও বলেন -

একজন প্রধান শিক্ষিকা নিজের অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতে যে কৌশল নিয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। আমরা মনে করি, এটি শুধু তিনজন সাংবাদিকের বিরুদ্ধে নয়, এটি সমগ্র সাংবাদিক সমাজের বিরুদ্ধে হুমকি। বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।

সভাপতি কুতুব উদ্দিন অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা জিডি প্রত্যাহার এবং মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

অন্যথায় সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম সারাদেশের সাংবাদিক সংগঠনগুলোকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]