Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

চুরি-ছিনতাই হওয়া ১১৪ টি মোবাইল ভুক্তভোগীরা ফিরে পেল...

📅 31 May 2025, 11:53 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
চুরি-ছিনতাই হওয়া ১১৪ টি মোবাইল ভুক্তভোগীরা ফিরে পেল...
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : চুরি-ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার ও তা ভুক্তভোগীদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আবারো উদাহরণ সৃষ্টি করল ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন-২-এর সাইবার ক্রাইম সেল। এবার মোট ১১৪টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হলো ভুক্তভোগীদের। বৃহস্পতিবার (২৯ মে) আনুষ্ঠানিকভাবে মুক্তাগাছার এপিবিএন কার্যালয়ে এসব মোবাইল হস্তান্তর করা হয়। দেশের নানা প্রান্ত থেকে ভুক্তভোগীরা এসে তাদের মোবাইল নিয়ে যান। এ ছাড়া বিকাশ-নগদে ভুল নম্বরে চলে যাওয়া ১লক্ষ ৯২ হাজার ৩২০ টাকাও প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। ভুক্তভোগীদের হাতে এসব মোবাইল ও টাকা তুলে দেন এপিবিএন-২ মুক্তাগাছার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কুতুব উদ্দিন। এ সময় অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, মুক্তাগাছা এপিবিএন-২ সাইবার ক্রাইম সেল প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সর্বমোট দেড় হাজার মোবাইল উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তোলে দেওয়া হয়েছে। এসব মোবাইল চুরি, ছিনতাই কিংবা হারিয়ে গিয়েছিল। ভুক্তভোগীরা তাদের মোবাইল খোয়া যাওয়ার পর থানায় জিডি করেন। এরপর সরাসরি কিংবা অনলাইনে যোগাযোগ করেন মুক্তাগাছা এপিবিএন-এ। মুক্তাগাছা এপিবিএন-এর চৌকস টিম এরপর এসব মোবাইল উদ্ধারে প্রযুক্তির সহায়তা নিয়ে তৎপরতা শুরু করেন। অধিকাংশ ক্ষেত্রেই তারা সফল হন। বৃহস্পতিবারের অনুষ্ঠানে চুরি যাওয়া মোবাইল ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বগুড়ার রুবেল খন্দকার (৩০)। ২ বছর আগে তার মোবাইল হারিয়ে যায়। ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকার মাহমুদা (৪০) বলেন, ৬ মাস আগে তার মোবাইল চুরি হয়। এর দাম ছিল ২৫ হাজার টাকা। মোবাইল ফিরে পেয়ে তিনি অনেক খুশি। গাজীপুরের কামরুজ্জামান বলেন, ১ বছর আগে তার ১৪ হাজার টাকার মোবাইল বাস থেকে নামার সময় ছিনতাই হয়। সেই মোবাইল তিনি ফিরে পেলেন। টাঙ্গাইলের আরসিন (৩৫) বলেন, তার মোবাইলের দাম ১ লাখ ৮৪ হাজার টাকা। গত ডিসেম্বরে বাস থেকে নামার সময় ছিনতাই হয়। তিনি আবার মোবাইল ফিরে পাবেন, ভাবতেই পারেননি। অনেকে বিকাশের টাকাও ফেরত পেয়েছেন। গোপালগঞ্জের সাইফুল ইসলাম বলেন, তার ৭৪ হাজার ৫২০ টাকা ভুলে চট্টগ্রামের এক নাম্বারে চলে গিয়েছিল। সেই টাকা তিনি ফেরত না পেয়ে এপিবিএন-এর দ্বারস্থ হন। সেই টাকা অবশেষে ফেরত পেলেন। হ্যাক হওয়া ফেসবুক পেইজ ফেরত পেয়েছেন কেউ কেউ। তেমনই একজন ময়মনসিংহ নগরীর সৌরভ সরকার। তিনি বলেন, এ বছরের মার্চ মাসে তার পেজটি হ্যাক হয়। এপিবিএনকে জানানোর ১ ঘণ্টার মাঝে তিনি পেজ ফেরত পান। এপিবিএন-২ মুক্তাগাছার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কুতুব উদ্দিন বলেন, মোবাইল চুরি বা হারানোর পর ভুক্তভোগীদের আবেদনের প্রেক্ষিতে সাইবার টিম কাজ করে। তিনি বলেন, মোবাইল বিষয়ে ক্ষতিগ্রস্তরা যেন এখানে যোগাযোগ করেন। তারা সব সময় ভুক্তভোগীদের সেবা দিতে প্রস্তুত আছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]