সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে দলদলি চা বাগানের হাজারীবাগ এলাকায় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার ০৭/০৭/২০২৬ খ্রি. রাত ০১:২৫ ঘটিকায় এসআই (নিঃ) দ্বীন মোহাম্মদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন দলদলি চা বাগানের হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানার মামলা নং-১১, তারিখ: ০৭/০৭/২০২৬ খ্রি. ধারা- ৩৪২/৩৮৬/৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর ১নং এজাহারনামীয় আসামি সাহেদ (২৫), পিতা- নিয়ামত আলী, সাং- হাজারীবাগ (দলদলি চা বাগানের পাশে), থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেটকে গ্রেফতার করেন।
উল্লেখ যে, গত ০৫/০৭/২০২৬ খ্রি. বিকালে নিহত মোঃ সাইদুর রহমান (৪০) তার দুই সহকর্মী মোঃ তরিকুল ইসলাম ও মোঃ আতিক নূরকে সঙ্গে নিয়ে এয়ারপোর্ট থানাধীন দলদলি চা বাগান এলাকায় ঘুরতে যান। এ সময় আসামি সাহেদসহ কয়েকজন তাদের গতিরোধ করে নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ভয়ভীতি প্রদর্শন করে তিনটি মোবাইল ফোন ও নগদ ৭০০ টাকা ছিনিয়ে নেয়। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ফেরত চাইলে আসামি সাহেদ প্রথমে গাছের ডাল এবং পরে বাঁশের লাঠি দিয়ে নিহত সাইদুর রহমানের পিঠ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে আঘাত করে গুরুতর জখম করে। আহত অবস্থায় তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরবর্তীতে একইদিন রাত আনুমানিক ৮:০০ ঘটিকায় নিহত সাইদুর রহমানকে তার থাকার মেসে নিস্তেজ অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
কমেন্ট

