এসএমপি‘র ডিবি-সাইবার ক্রাইম ইউনিট এবং GenieA Team এর বিশেষ প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৯১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয় ।
অদ্য ৩০/০৪/২০২৬খ্রি. বিকাল ১৬.০০ ঘটিকায় এসএমপি হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম মহোদয়ের সভাপতিত্বে এসএমপি‘র ডিবি-সাইবার ক্রাইম ইউনিট এবং GenieA Team এর বিশেষ প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৯১টি মোবাইল ফোন উদ্ধার ও প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর সংক্রান্তে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
বিভিন্নভাবে হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবি-সাইবার ক্রাইম ইউনিট এবং GenieA Team এর নিরলস প্রচেষ্ঠায় মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।
এ সময় পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত থেকে ৫৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। ইতোমধ্যে ৩৪টি মোবাইল ফোন এর প্রকৃত মালিকগণ সিলেট মেট্রোপলিটন পুলিশ এর ০৬টি থানা হতে নিজ উদ্যেগে নিজেদের মোবাইল ফোন সংগ্রহ করেছেন। হারানো শখের মোবাইল ফোন ফিরে পেয়ে সম্মানিত নাগরিকবৃন্দ স্বস্তি প্রকাশ সহ কৃতজ্ঞচিত্তে সিলেট মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পুলিশ কমিশনার মহোদয় গত ২২/০২/২০২৬খ্রি. মোবাইল ফোন উদ্ধার টিম গঠন করে প্রতি মাসে সম্ভাব্য ১০০টি মোবাইল ফোন উদ্ধারের পরিকল্পনা গ্রহণ করেন। পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং মোবাইল ফোন উদ্ধার টিমের সদস্যদের আন্তরিক প্রচেষ্টার ফলশ্রুতিতে সিলেট মহানগর এলাকার ছয়টি থানার সর্বমোট ৪৮৫টি জিডি পর্যালোচনা করে গত ০১ মাসে ৯১টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য যে, গত ১২ মার্চ, ২০২৬খ্রি. তারিখে হারিয়ে যাওয়া ৭০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তার করা হয়।
সচেতনতা: পুরাতন ডিভাইস কেনার আনন্দ যেন আইনি জটিলতায় বিষাদে পরিণত না হয় তাই ব্যবহৃত মোবাইল বা ল্যাপটপ কেনাবেচার সময় অবশ্যই বৈধ কাগজপত্র ও বিক্রেতার পরিচয় নিশ্চিত করা, রসিদ বা মেমো যাচাই, বক্স ও আইএমইআই মিলানো, রাস্তাঘাটে বা অপরিচিত কারও কাছ থেকে নামমাত্র মূল্যে কোনো ডিভাইস কেনা থেকে বিরত থাকা উচিত। কারণ এগুলোই চোরাই পণ্য হওয়ার সম্ভাবনা থাকে। চোরাই পণ্য কেনা এবং বিক্রি করা উভয়ই দন্ডনীয় অপরাধ।
সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর জান-মালের নিরাপত্তা ও সাইবার অপরাধ দমনে সর্বদা সজাগ এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। আপনার সচেতনতাই আপনাকে অপ্রীতিকর ঝামেলা থেকে মুক্ত রাখতে পারে। সর্বদা সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।


