আন্তর্জাতিক ডেস্ক:: যেকোনো যুদ্ধেই সেনাবাহিনীর কোনো কোনো ইউনিট রয়েছে যারা দুর্দান্ত সাফল্য দেখায়। আবার কোনো কোনো ইউনিট আছে, যারা ব্যর্থতার প্রতীক হয়ে ওঠে।
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার দ্য ৩৩১ গার্ডস প্যারাস্যুট রেজিমেন্ট নিয়ে রুশ বাহিনীর অনেক উচ্চাশা ছিল। ৩৩১ রেজিমেন্টের সেনারা রাশিয়ার সেনাবাহিনীর মধ্যে নিজেদের সবচেয়ে অভিজাত মনে করলেও বাস্তবে ইউক্রেনে তারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে বিবিসি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
ইউক্রেন যুদ্ধে এলিট ওই রেজিমেন্টের অনেকে নিহত হয়েছেন বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। ইউক্রেনে চলতি মাসের ১৩ তারিখে প্রাণ হারিয়েছেন এই রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল সের্গেই সুখারেভ। মৃত্যুর পর তাকে ‘হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন মেডেল’ (মরণোত্তর) দেওয়া হয়েছে।
ইউক্রেন যুদ্ধে কতজন রুশ সেনার মৃত্যু হয়েছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি রাশিয়া। উন্মুক্ত তথ্যসূত্র ব্যবহার করে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেনা বিশেষ করে এলিট রেজিমেন্টের নিহত সেনাদের হিসাব করে বিবিসি জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার এলিট ৩৩১ রেজিমেন্টের অন্তত ৩৯ জন নিহত হয়েছেন।
রাশিয়ান বিমানবাহী সৈন্যদের নেতৃত্বে এলিট ৩৩১ রেজিমেন্টের সদস্যরা বেলারুশ থেকে ইউক্রেনে প্রবেশ করে। মূলত রাজধানী কিয়েভে হামলাই ছিল এই রেজিমেন্টের লক্ষ্য।
ইউক্রেনের রাজধানীর দিকে যাওয়ার সময় কিয়েভের উপকণ্ঠে বুচা, ইরপিন ও হোসতোমেলের মতো শহরগুলোতে ইউক্রেনের সঙ্গে ব্যাপক সহিংসতা হয়েছিল এই রেজিমেন্টের সদস্যদের।


