লিমন-বৃষ্টি হত্যায় রুমমেট হিশামকে নিয়ে সবশেষ যা জানা গেল

আন্তর্জাতিক  ডেস্ক –

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির নৃশংস হত্যার ঘটনায় অভিযুক্ত রুমমেট হিশাম সালেহ আবুঘারবেইহকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

১৬ এপ্রিল ক্যাম্পাস থেকে নিখোঁজ হওয়ার পর থেকেই দুই শিক্ষার্থীকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই ও স্থানীয় পুলিশ তাদের অনুসন্ধান শুরু করে এবং ঘটনাটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দেয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে নিখোঁজ শিক্ষার্থী লিমনের লাশ উদ্ধারের কয়েক ঘণ্টা পরই আরেক নিখোঁজ শিক্ষার্থী বৃষ্টির লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত।

হিলসবোরো কাউন্টি শেরিফ জানিয়েছেন, ফ্লোরিডার ট্যাম্পা বে এলাকায় হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুর ওপর থেকে উদ্ধার করা লাশটি জামিল লিমনের। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর কিছুক্ষণ পরই তদন্তে বড় অগ্রগতি আসে। লিমনের রুমমেট হিশামকে পুলিশ হেফাজতে নেয়। অভিযানে অংশ নেয় বিশেষ সোয়াট টিম। পরে তিনি আত্মসমর্পণ করেন।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মরদেহ গোপন করা, প্রমাণ নষ্ট করা এবং সহিংসতার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

লিমন ও বৃষ্টি দুজনই বাংলাদেশ থেকে আসা পিএইচডি শিক্ষার্থী ছিলেন এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। তাদের নিখোঁজ হওয়ার ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে।

লিমনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বৃষ্টির মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেন তার ভাই। ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশের পরিচয় নিশ্চিত করা হয় বলে জানা গেছে।

এদিকে তদন্তে সহযোগিতা করলেও বর্তমানে হিশাম কোনো তথ্য দিচ্ছেন না বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত ও ময়নাতদন্তের কাজ চলমান রয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *