সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ বলেছেন, খেলাধুলা যুবসমাজকে সুপথে থাকতে সাহায্য করে। তাই গ্রাম-পাড়া-মহল্লায় বেশি করে খেলার আয়োজন করা প্রয়োজন।
দক্ষিণ সুরমার কামালবাজারে নতুন কুড়ি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ১৩তম হইদপুর ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
নতুন কুড়ি স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দকে এমন মহতি আয়োজনের জন্য ধন্যবাদ জানান আজাদুর রহমান আজাদ।
সোমবার (১ মার্চ) আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরুব্বি শেখ ইলিয়াছ মিয়া।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং কামালবাজার ইউপি চেয়ারম্যান প্রার্থী আবদুর রব, বিশিষ্ট মুরুব্বি আশিক মিয়া, চেয়ারম্যান প্রার্থী মাসুক আহমদ, শফিক মিয়া, মোহা. একরামুল ইসলাম, কানাইঘাট লোভাছড়া ইউপির সাবেক চেয়ারম্যান আহমেদ সোলাইমান ও সিলেট জেলা ছাত্রলীগ নেতা ফারহান সাদিক।
এদিকে, উদ্বোধনী খেলায় অংশ নেয় গোপশহর প্রগ্রেসিভ ও নভাগ ইয়াং স্টার। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকার পর ট্রাইবেকারে ৫-৪ গোলে জয়লাভ করে গোপশহর প্রগ্রেসিভ।
খেলা পরিচালনায় ছিলেন আক্কাস উদ্দিন আক্কাই, গিয়াস উদ্দিন ও আবদুল হান্নান।


