অসময়ে সিলেট নগরে প্রবেশের দায়ে ৫ ট্রাকের বিরুদ্ধে মামলা

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: সিলেট নগরীতে সাম্প্রতিক সময়ে ট্রাক চাপায় একাধিক ব্যক্তির মৃত্যু এবং জনগণের আন্দোলনের প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। সেই সাথে পুলিশ নগরীর অভ্যন্তরে ট্রাক প্রবেশে নতুন সময়সীমা বেঁধে দিয়ে কঠোর অবস্থায় নিয়েছে তারা।

এ অবস্থায় গত রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে নিয়ম অমান্যকারী ট্রাকের বিরুদ্ধে ট্রাফিক বিভাগ অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাত ১০টা থেকেও নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় ট্রাফিক বিভাগ।

বুধবার রাতের এ অভিযানে নগরে প্রবেশের দায়ে পাথর বোঝাই ৫টি ট্রাকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এছাড়া কাগজপত্র সাথে না থাকায় ৩টি ট্রাক আটক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- টিআই শরিফুল ইসলাম, সার্জেন্ট আশীষ দাস, সার্জেন্ট সুবির তালুকদার, টি এসআই গোলাম জাকারিয়া, দুলাল আহমদ, আমীনসহ পুলিশ সদস্যরা।

এর আগে সিলেট নগরীতে ট্রাক প্রবেশে বেধে দেয়া নতুন সময়সীমা অনুযায়ী আম্বরখানা থেকে সুনামগঞ্জ রোড, আম্বরখানা থেকে টিলাগড়, বিমানবন্দর রোড নগরীতে ট্রাক প্রতিদিন রাত ৯টা থেকে প্রবেশ করতে পারবে। অন্যদিকে সুনামগঞ্জ রোডের তেমুখী থেকে রাত ৮টার আগে নগরীর ভিতরে কোনো ট্রাক প্রবেশ করতে পারবে না। সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে দুটি টিমও গঠন করা হয়। টিম দু’টিকে তদারকি করবেন ট্রাফিকের এডিসি জ্যোতির্ময় সরকার, এসি আবুল খয়ের।

সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের ডিসি ফয়সল মাহমুদের নির্দেশনা মোতাবেক দু’টি টিম নগরীতে এ বিষয়ে মাঠে কাজ করবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *