Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

📅 23 April 2018, 05:24 AM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও সৌদি আরবে ৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ সোমবার দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বেলা ১০টা ৪৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে রাত ১টায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫-১৬ এপ্রিল সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে গালফ শিল্ড-১ শীর্ষক একটি যৌথ সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে দুদিন সৌদি আরব সফর করেন। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) যোগ দিতে ১৬ এপ্রিল লন্ডন আসেন। ১৯ এপ্রিল শেখ হাসিনা সিএইচওজিএমের উদ্বোধনী অনুষ্ঠান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের দেয়া আনুষ্ঠানিক সংবর্ধনায় যোগদান করেন। তিনি বাকিংহাম প্যালেসে কমনওয়েলথ সরকারপ্রধান ও তাদের স্বামী-স্ত্রীদের সম্মানে রানি দ্বিতীয় এলিজাবেথের দেয়া এক নৈশভোজ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ও কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ডের দেয়া সংবর্ধনায়ও যোগ দেন। সফরকালে শেখ হাসিনা ওয়েস্টমিনস্টারে রানি দ্বিতীয় এলিজাবেথ কনফারেন্স সেন্টারে কমনওয়েলথ রাষ্ট্রসমূহের একটি নারী ফোরামে কন্যাশিশুর শিক্ষাসংক্রান্ত অধিবেশনে উপস্থাপক হিসেবে যোগ দেন। শেখ হাসিনা যুক্তরাজ্যের মর্যাদাবান থিংকট্যাংক ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (ওডিআই) আয়োজিত বাংলাদেশের উন্নয়নে নীতি, অগ্রগতি ও সম্ভাবনাবিষয়ক একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে যোগ দেন। এ ছাড়া প্রধানমন্ত্রী এশীয় নেতৃবৃন্দের একটি গোলটেবিল বৈঠকে যোগ দেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে লন্ডনে তাকে এক সংবর্ধনা প্রদান করে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]