Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 31 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

সৌদির তেলসমৃদ্ধ অঞ্চল লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা

📅 31 October 2026, 12:15 PM | 👁️ পঠিত: 14 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সৌদির তেলসমৃদ্ধ অঞ্চল লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক -

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যে সৌদি আরবে একের পর এক ড্রোন হামলার ঘটনা ঘটছে। দেশটির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলের আকাশে একটি ড্রোন শনাক্ত করে তা ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। পরে সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরও একটি ড্রোন ধ্বংসের খবর জানায় জোটটি।

 

এক প্রতিবেদনে সামা টিভি বলছে, সৌদি নেতৃত্বাধীন এ জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে, হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে।

 

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের মধ্যে সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুথিদের সংঘাতও নতুন করে তীব্র হচ্ছে।

 

সৌদি আরবের পূর্বাঞ্চল দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এখানেই দেশটির অধিকাংশ তেল ও গ্যাসের মজুত রয়েছে। রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর প্রধান কার্যালয়ও এ অঞ্চলে অবস্থিত।

গত কয়েক সপ্তাহে অঞ্চলটিতে একাধিক হামলার ঘটনা ঘটেছে। চলতি অক্টোবরের শুরুতে এক হামলায় আরামকোর প্রধান কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোট আরও দাবি করে, হুথিদের ছোড়া একটি ড্রোন মদিনা অঞ্চলের আকাশে শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

 

তবে হুথিরা শুক্রবারের ওই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

 

ইসলামের অন্যতম পবিত্র স্থান মদিনা। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান পবিত্র এ নগরীতে যান। 

সৌদি আরবে একের পর এক ড্রোন হামলার ঘটনায় দেশটির গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]