'মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার (ওআরবি গ্রন্থাগার)-এর উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবসটি পালনে সিলেটের বিশ্বনাথ রামধানা উত্তরে অবস্থিত লাইসিয়াম স্কুলের পরিচালনায় বিভিন্ন শ্রেণির শিশুদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা শিক্ষা ও সাক্ষরতা, বিদ্যালয়, গ্রামবাংলা, পরিবেশ, প্রকৃতি ও বাংলাদেশের সৌন্দর্য বিষয়ক চিত্র অঙ্কনের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও কল্পনাশক্তির প্রকাশ ঘটায়।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী রানা বলেন, বই আর কলমের পাশাপাশি রং-তুলিও পারে অজ্ঞতার অন্ধকার দূর করতে। সাক্ষরতা দিবসে আমাদের শিক্ষার্থীদের আঁকা ছবিই হবে সচেতনতার বার্তা। গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মুজতবা শাহরিয়ার আরিফ বলেন, শিক্ষার্থীদের মাঝে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা এবং তাদের সৃজনশীলতা বিকাশের জন্যই এই আয়োজন। আশা করি এতে শিক্ষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টির ইতিবাচক বার্তা পৌঁছাবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী হিসেবে তৃতীয় শ্রেণির যথাক্রমে নুসরা, বুশরা, আমিনা; চতুর্থ শ্রেণির আয়ান, রিহান, রিয়া এবং পঞ্চম শ্রেণির আবির, মুনতাহা, তাসকিন-এর নাম ঘোষণা করা হয়। ওআরবি গ্রন্থাগারের পক্ষ থেকে তাদের হাতে পুরস্কারের বই তুলে দেয়া হয়। বিজ্ঞপ্তি