Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 23 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সাহিত্য

ছড়ালোকের সৃজনশীল ছড়াকারদের নিয়ে বিশেষ আয়োজন,লেখক কণ্ঠে ছড়াপাঠ ও আলোচনা

📅 06 September 2026, 12:32 PM | 👁️ পঠিত: 210 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ছড়ালোকের সৃজনশীল ছড়াকারদের নিয়ে বিশেষ আয়োজন,লেখক কণ্ঠে ছড়াপাঠ ও আলোচনা

 

গতকাল ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সাহিত্য ক্যাফের কবি দিলওয়ার মঞ্চে অনুষ্ঠিত হলো সৃজনশীল ছড়াকারদের নিয়ে বিশেষ আয়োজন—‘লেখক কণ্ঠে ছড়াপাঠ ও আলোচনা’।

ছড়াসাহিত্যের ছোটোকাগজ ‘ছড়ালোক’ আয়োজিত এ অনুষ্ঠানে নব্বই দশকের অন্যতম সৃজনশীল ছড়াসাহিত্যিক দেলোয়ার হোসেন দিলু নিজের নির্বাচিত ছড়া পাঠ করেন এবং তাঁর ছড়াকে ঘিরে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত আলোচনা ও সমালোচনা।

আয়োজনে সৃজনশীল ছড়াকার হিসেবে উপস্থিত ছিলেন নব্বই দশকের অন্যতম লেখক দেলোয়ার হোসেন দিলু। তিনি নিজের কণ্ঠে বাছাইকৃত তিন গুচ্ছ ছড়া পাঠ করে শোনান। তাঁর পাঠ করা ছড়াগুলোর বিষয় ছিল—শিশুতোষ, দেশাত্মবোধক ও সমাজসচেতনতামূলক। দিলুর রিনিঝিনি ছন্দের সুরেলা আবৃত্তিতে পুরো অনুষ্ঠান প্রাণ পায় এক অনন্য শৈল্পিক আমেজে।

প্রায় বিশটি ছড়া পাঠের পর পঠিত ছড়াগুলোর বিষয়, ছন্দ, শব্দপ্রয়োগ ও সময়কাল নিয়ে সৃজনশীল আলোচনা ও সমালোচনা করেন সিলেটের তিন মেধাবী সাহিত্যিক—জয়নাল আবেদীন জুয়েল, মামুন সুলতান ও এখলাসুর রাহমান। তাঁদের বিশদ ও মননশীল আলোচনায় দেলোয়ার হোসেন দিলুসহ উপস্থিত লেখক ও ছড়াপ্রেমীরা গভীর মনোযোগে শ্রবণ করেন।

দিলুর ছড়ায় যেমন এসেছে শিশুর মনস্তাত্ত্বিক বিকাশে ছড়ার শব্দ, ছন্দ ও আনন্দের বার্তা, তেমনি দেশপ্রেমের চেতনা এবং সমাজের নানা গ্লানি ও অসঙ্গতিকেও তিনি ছড়ার আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তাঁর ছড়ার বিষয়বৈচিত্র্য ও সময়কে ধারণ করার প্রয়াস আলোচকদের কথায় বিশেষভাবে উঠে আসে।
অনুষ্ঠানের শুরুতে ছড়াকার কবির আশরাফ দেলোয়ার হোসেন দিলুর জীবনী পাঠ করেন। পরে সাহিত্য ক্যাফের পক্ষ থেকে ইলহাম সাদী দিলুকে উত্তরীয় পরিয়ে দেন।

শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও আয়োজক শাহাদত বখ্ত শাহেদ। তিনি আয়োজনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, লেখকের দায়িত্ব শুধু লেখা পর্যন্ত শেষ হয়ে যায় না; লেখার পাঠকপ্রিয়তা, শুদ্ধতা ও শিল্পমান নিয়েও ভাবতে হয়। একজন লেখক যদি তাঁর লেখার ওপর সঠিক আলোচনা-সমালোচনা না শোনেন, তাহলে তিনি সারাজীবন ভুলের মধ্যেই থেকে যেতে পারেন। এ বিষয়টিকে গুরুত্ব দিয়েই ‘ছড়ালোক’-এর এই আয়োজন। তিনি জানান, ধারাবাহিকভাবে একেকজন ছড়াকারকে নিয়ে এমন আয়োজন করা হবে।

আলোচক এখলাসুর রাহমান ছড়া লেখার গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক তুলে ধরে দিলুর পঠিত ছড়াগুলোর বিশ্লেষণ করেন। তিনি ছড়ার বিষয়, নির্মাণশৈলী ও প্রকাশভঙ্গির নানা দিক নিয়ে আলোচনা করেন।

জয়নাল আবেদীন জুয়েল দিলুর ছড়ার মধ্যে সময়কে ধরে রাখার যে প্রয়াস রয়েছে, তা বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, সমাজের অসংগতির সময়কে ছড়ার ভেতর ধরে রাখা একজন দক্ষ ছড়াকারের পক্ষেই সম্ভব। তিনি দিলুকে বিষয় ও ছন্দের ভিন্নতা আরও বেশি করে প্রয়োগের পরামর্শ দেন।

আলোচক মামুন সুলতান দিলুর দেশাত্মবোধক ছড়াগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন। তিনি প্রথমে সাহিত্যে ছড়ার গুরুত্ব তুলে ধরেন এবং ছড়ার শৈল্পিক রূপের নানা দিক ব্যাখ্যা করেন। তাঁর মতে, স্বল্প সময়ে সরাসরি পাঠকের কাছে কোনো বিষয় পৌঁছে দেওয়ার যে শক্তি ছড়ার রয়েছে, সাহিত্যের অন্য অনেক মাধ্যমে তা সম্ভব নয়। দিলুর ছড়ার গঠনে বিষয়গত সাদৃশ্যের পাশাপাশি কিছু কিছু অসঙ্গতিও তিনি চিহ্নিত করেন এবং সেগুলো সংশোধনের পরামর্শ দেন।

আলোচনা শেষে নিজের বক্তব্যে দেলোয়ার হোসেন দিলু আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার কথা অকপটে তুলে ধরেন। নিজের লেখার ওপর আলোচনা ও সমালোচনা শুনে তিনি আরও সচেতন হয়ে লেখার তাগিদ অনুভব করছেন বলে জানান। তিনি আলোচক, উপস্থিত লেখক, ছড়াপ্রেমী ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে শ্রবণ করেন কামাল আহমদ, ইলহাম সাদী, ফুয়াদ বিন রশীদ,মনজুর মোহাম্মদ,  মিনহাজ ফয়সল, লিপি খান, শহীদুল ইসলাম লিটন, ডঃ লোকমান হেকিম, সাজিদ মিয়া, কবির আশরাফ,উজ্জল হাসান  প্রমুখ।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি শাহাদত বখ্ত শাহেদ দেলোয়ার হোসেন দিলু, আলোচকবৃন্দ এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি ‘ছড়ালোক’-এর ধারাবাহিক প্রতিটি আয়োজনে সবাইকে উপস্থিত থেকে ছড়াকারদের উৎসাহ দেওয়ার আহ্বান জানান।

সবশেষে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]