সিলেটে শিশু ও নারীদের ওপর সহিংসতা রোধে এবং সামাজিক সুরক্ষাবলয় তেরীতে গৃহীত ‘প্রিভেনশন অফ ভায়োলেন্স অ্যান্ড হার্মফুল প্র্যাকটিসেস এগেইনস্ট চিলড্রেন অ্যান্ড উইমেন ইন বাংলাদেশ’ প্রকল্পের জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপরিচালকের কার্যালয়ের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। ইউনিসেফের সহায়তায় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও পিভিএইচপি প্রকল্পের পরিচালক ড. শামীমা নাসরীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন। কর্মশালায় সভাপতিত্ব করেন ও প্রকল্পের পরিচিতি এবং সিলেট জেলার নারী ও শিশু-র প্রতি সহিংসতার তথ্য উপাত্ত তুলে ধরে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহীনা আক্তার।
কর্মশালায় পিভিএইচপি প্রকল্পের শিশু সুরক্ষা কর্মকর্তা প্রিয়াঙ্কা দাস রায়, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের কর্মকর্তাবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, নারী ও শিশুদের অধিকার ও মর্যাদা রক্ষায় এবং একটি নিরাপদ ও অনুকূল পরিবেশ তৈরিতে ইউনিসেফ ও বাংলাদেশ সরকার যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে পরিচালিত হাবগুলো সারাদেশে শিশুর সুরক্ষায় কাজ করবে। স্কুলের বাইরেও শিশুদের সুজনশীলতা ও মেধা বিকাশে এ হাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা আরো বলেন, শিশুর উপর সহিংসতা, বাল্যবিবাহসহ নানান ক্ষতিকর আচরণ শুধু তাদের মৌলিক অধিকার ক্ষুন্ন করছে না, তাদের শারীরিক, আবেগীয় ও মানসিক স্বাস্থ্যের ওপরও ক্ষতিকর প্রভাব ফেলছে। বক্তারা নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরীতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান।


