‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে’

বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে কেন্দ্র করে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই আগমনকে স্বাগত জানিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) নগরীতে প্রচার মিছিল বের করে সিলেট জেলা ও মহানগর যুবদল।

মঙ্গলবার দুপুরে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেকের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ পরিচলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, দেশনায়ক তারেক রহমানের এই সফর সিলেটের রাজনীতিতে এক নতুন প্রাণসঞ্চার করেছে। দীর্ঘ সময় ধরে নানামুখী ষড়যন্ত্র এবং অপপ্রচারের মাধ্যমে তাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু আজকের এই জনসমুদ্রই প্রমাণ করে যে, ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি; বরং তারা চরমভাবে ব্যর্থ হয়েছে।

তিনি আরো বলেন, সিলেটের মাটি ও মানুষের সাথে শহীদ জিয়ার পরিবারের সম্পর্ক অত্যন্ত গভীর ও আত্মিক। তারেক রহমানের এই পদচারণা কেবল একটি সাধারণ সফর নয়, এটি দেশের অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক নতুন জোয়ার সৃষ্টি করেছে। সিলেটের রাজপথ আজ প্রমাণ দিয়েছে যে, তৃণমূলের নেতাকর্মীরা তাদের নেতার আহ্বানে ঐক্যবদ্ধ।

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক বলেন, দেশনায়কের প্রতিটি নির্দেশ পালন করতে সিলেটের যুবদল রাজপথে অতন্দ্র প্রহরীর মতো প্রস্তুত রয়েছে। এই মাটি জিয়ার সৈনিকদের ঘাঁটি, আর এই ঘাঁটি থেকেই আমরা গণতন্ত্রের চূড়ান্ত বিজয় নিশ্চিত করে ঘরে ফিরব, ইনশাআল্লাহ। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ হবে শোষণমুক্ত, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক। সিলেট জেলা যুবদলের ১৩টি উপজেলা, ৫টি পৌর, মহানগর যুবদলের ৪২টি ও ৬টি থানার অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *