ইংল্যান্ডে একক ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সিলেটের মুন্না

খেলাধুলা ডেস্ক –

ইংল্যান্ডে প্রবাসীদের নিয়ে আয়োজিত একক ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার ধর্মদা পীর বাড়ির সন্তান শাহ আলী আহবাব মুন্না।

সম্প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠিত প্রবাসীদের একক ক্যারাম প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে শিরোপা জিতে নেন মুন্না। তার এই সাফল্যে যুক্তরাজ্যপ্রবাসী সিলেটবাসীসহ নিজ এলাকার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

শাহ আলী আহবাব মুন্না দেশের বিভিন্ন ক্যারাম প্রতিযোগিতায়ও অংশ নিয়ে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। দেশে থাকাকালীন ক্যারাম খেলায় তার দক্ষতা ও সাফল্য ছিল উল্লেখযোগ্য। এবার প্রবাসের মাটিতেও সেই ধারাবাহিকতা ধরে রেখে চ্যাম্পিয়ন হওয়ায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

মুন্না সিলেটের বিশ্বনাথ উপজেলার ধর্মদা পীর বাড়ির বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক আইনজীবী মরহুম শাহ মোদাব্বির আলী অ্যাডভোকেটের পুত্র। পারিবারিক ও সামাজিকভাবে পরিচিত এই পরিবারের সন্তান হিসেবে মুন্নার আন্তর্জাতিক পরিসরে এমন সাফল্যে এলাকাবাসীও সন্তোষ প্রকাশ করেছেন।

ক্যারাম খেলায় মুন্নার এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং সিলেট ও বিশ্বনাথের ক্রীড়াঙ্গনের জন্যও একটি গর্বের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা করছেন তার স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *