চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান

সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ আগস্ট (মঙ্গলবার) বেলা ১২ ঘটিকায় শ্রীশ্রী বিষহরি মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গণে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিলেটের সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের  প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য চারণভূমি। যুগ যুগ ধরে এখানে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে তাদের ধর্মীয় উৎসবগুলো পালন করে আসছে। বর্তমান বিএনপি সরকার প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকার রক্ষায় অত্যন্ত সচেষ্ট। এই দেশেই আমাদের জন্ম এবং এদেশেই আমাদের মৃত্যুবরণ করতে হবে। আমাদের অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। তাই আমাদের সবাইকে দল-মত নির্বিশেষে একত্রে এই দেশটাকে একটি শান্তিপূর্ণ ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলতে হবে। সিলেট সিটি কর্পোরেশন নগরীর প্রতিটি নাগরিকের উৎসব উদযাপনে সব ধরনের প্রশাসনিক সুবিধা নিশ্চিত করতে সর্বদা পাশে থাকবে।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেন, আমরা এদেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। একটি উন্নত, বৈষম্যহীন ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, আবহমান কাল ধরে এদেশে আমরা সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছি। এই সম্প্রীতির বন্ধনকে যেন কেউ নস্যাৎ করতে না পারে, সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। অনুষ্ঠানে তিনি যেকোনো প্রয়োজনে সনাতন সম্প্রদায়ের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শ্রীশ্রী বিষহরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি এড. শশাঙ্ক শেখর পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক চন্দন দাশ এর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, দিপক কুমার দাস, মদন মোহন কর্মকার, হারাধন দেব প্রভাষ, ধনেশ দেব, উত্তম ঘোষ,  দিপক চন্দ,  এডভোকেট শিশির কুমার রায়, পিন্টু বৈদ্য, অরূন দে, রনি চক্রবর্তী প্রমুখ। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে  চালিবন্দর এলাকার বিপুলসংখ্যক ভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *