বিকাশ মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা রোধে এসএমপি কমিশনারের হস্তক্ষেপ চায় ব্যবসায়ী সংগঠন

সিলেট নগরীর নয়াসড়ক এলাকার বিভিন্ন শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানে ‘বিকাশ’ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশন।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেছে সংগঠনটি। গত রবিবার (৯ আগস্ট) অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদ স্বাক্ষরিত ওই আবেদনে প্রতারণা চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
আবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের কাছ থেকে অটিপি, পিন কোড ও পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়ে অর্থ আত্মসাৎ করছে। অভিযোগে প্রতারণায় ব্যবহৃত কয়েকটি নম্বর হিসেবে ০১৭৮৫-৩৫৩০২৮, ০১৩৫৫-০৩২০৬৫, ০১৩২৯-১০২২৪৮ ও ০১৩২৯-১০০০৭৯ উল্লেখ করা হয়েছে।
অ্যাসোসিয়েশন জানায়, প্রতারণারোধে সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় সতর্কতামূলক প্রচারণা চালানো হলেও এ ধরনের ঘটনা বন্ধ হয়নি। প্রতারণার শিকার গ্রাহকরা অনেক সময় সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে দায়ী করায় ব্যবসায়ীরাও আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ বিষয়ে ইতোমধ্যে কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে আবেদনে জানানো হয়। পাশাপাশি বিকাশ কর্তৃপক্ষের কাস্টমার কেয়ারেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ ক্রেতা-সাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসাপ্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ অবস্থায় প্রতারক চক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য এসএমপি পুলিশ কমিশনারের সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।-বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *