সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান ‘এমআইই পাথওয়েজ (এনসিইউকে)’। এ উপলক্ষে সোমবার (৩ আগস্ট) নগরীর জল্লারপাড়স্থ গ্র্যান্ড প্যালেস হোটেলে সিলেটের সাংবাদিক ও সুধীজনদের সাথে ‘এমআইই পাথওয়েজ (এনসিইউকে) সিলেট প্রি-লঞ্চ অ্যান্ড ভিউ এক্সচেঞ্জ ইভনিং’ শীর্ষক এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএইচ গ্লোবাল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্তুজা সিআইপি। এ ছাড়া এমআইই পাথওয়েজের পক্ষে উপস্থিত ছিলেন এএইচ জেড এসোসিয়েট কান্ট্রি ম্যানেজার সিএম ওয়াহিদ জামান, এমআইই ইংলিশ একাডেমির কান্ট্রি ম্যানেজার সিএম শাহজালাল, রিজিওনাল ম্যানেজার রাহীত পারভেজ জয় এবং একাডেমিক ম্যানেজার ড. প্রণব কুমার সাহা, এডমিনিস্ট্রেটিভ অফিসার সাংবাদিক ছিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জহিরুল হক সহ সিলেটের শিক্ষা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বাংলাদেশে এমআইই পাথওয়েজ হলো একমাত্র এনসিইউকে (নর্দার্ন কনসোর্টিয়াম অফ দি ইউনাইটেড কিংডম, যা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর একটি শক্তিশালী সংস্থা) স্থানীয়ভাবে অনুমোদিত স্টাডি সেন্টার। এনসিইউকে-র পরিচালিত সিলেবাস ও স্ট্যান্ডার্ড বজায় রেখে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য উপযুক্ত হিসেবে গড়ে তোলা হয়। ম্যাট্রিক্স ইন্টারন্যাশনাল এডুকেশন (এমআইই) পাথওয়েজ প্রোগ্রামের অধীনে এনসিইউকে-র পরিচালিত এই ফাউন্ডেশন প্রোগ্রামটি শীঘ্রই সিলেটে তাদের একাডেমিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ইতিমধ্যে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে একাধিক ক্যাম্পাসে সফলভাবে এর একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোর্তুজা বলেন, আমাদের এই আনুষ্ঠানিক যাত্রা সিলেটের আগামী প্রজন্মের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। সিলেটের উচ্চশিক্ষা খাতে যুগান্তকারী পরিবর্তন আনার জন্য আমাদের এই যাত্রায় আমরা সবার সহযোগিতা কামনা করছি। আমরা শিক্ষাকে ব্যবসা হিসেবে নয়, বরং দেশের সেবার মনোবৃত্তি নিয়ে কাজ করছি। মূলত শিক্ষার্থী ও তাদের পিতা-মাতার স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই আমাদের এই পথচলা।
তিনি আরও বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সাথে যুক্তরাজ্য ও অন্যান্য দেশের শিক্ষাব্যবস্থার অনেক পার্থক্য রয়েছে। এর ফলে এদেশ থেকে সরাসরি বিদেশে গিয়ে পড়াশোনার ক্ষেত্রে মানিয়ে নিতে শিক্ষার্থীদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। এমনকি লন্ডনে গিয়ে সরাসরি এই ফাউন্ডেশন কোর্সটি পাস করতে না পারলে একজন শিক্ষার্থীর ভিসা বাতিল হয়ে তার পুরো শিক্ষাজীবন ধ্বংসের মুখোমুখি হয়ে যেতে পারে। দেশে বসে এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করলে শিক্ষার্থীদের আর এমন কোনো ঝুঁকির মুখোমুখি হতে হয় না।
খরচ ও বৃত্তির বিষয়ে তিনি উল্লেখ করেন, সাধারণত এই কোর্সের মূল খরচ ৮ হাজার পাউন্ড। তবে আমরা বাংলাদেশি শিক্ষার্থীদের বিশেষ স্কলারশিপ দিচ্ছি, যার ফলে শিক্ষার্থীরা মাত্র ৪ হাজার পাউন্ডেই এই আন্তর্জাতিক মানের কোর্সটি সম্পন্ন করার সুযোগ পাবেন। তিনি জানান, ও-লেভেল, এ-লেভেল, এএস-লেভেল, এইচএসসি সম্পন্ন শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তি হতে পারবেন। ৯ মাসের এই সংক্ষিপ্ত ফাউন্ডেশন প্রোগ্রামে বিজনেস, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ল অ্যান্ড হিউম্যানিটিজ, ম্যাথস ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। সিলেটে এমআইই পাথওয়েজের কার্যক্রম শুরু হওয়ায় এ অঞ্চলের শিক্ষার্থীরা এখন নিজ শহরেই আন্তর্জাতিক মানের পাথওয়ে প্রোগ্রাম, উচ্চশিক্ষা বিষয়ক সঠিক পরামর্শ এবং বিদেশে পড়াশোনার পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণের চমৎকার সুযোগ পাবেন।
গোলাম মোর্তুজা জানান, এই পাথওয়ে যোগ্যতাটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রোফাইল তৈরি করবে। এখানে ৯ মাসের ফাউন্ডেশন প্রোগ্রামটি সম্পন্ন করে একজন শিক্ষার্থী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা ও মালয়েশিয়াসহ বিশ্বের ৬টি দেশের নামী-দামী ৮০টিরও বেশি পার্টনার ইউনিভার্সিটিতে আন্ডারগ্রাজুয়েট ডিগ্রিসহ উচ্চশিক্ষার সরাসরি সুযোগ পাবে। কোনো যৌক্তিক কারণে যেসব শিক্ষার্থীর পড়াশোনায় গ্যাপ বা বিরতি হয়ে গেছে, তারাও এই কোর্সে ভর্তির সুযোগ পাবেন।


