আলোকচিত্র সত্য ও সৌন্দর্যের বার্তা পৌঁছে দেয়: ভারতীয় সহকারী হাইকমিশনার

সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস বলেছেন, আলোকচিত্র শুধু শিল্পের একটি মাধ্যম নয়, এটি মানুষে মানুষে সম্পর্ক, সংস্কৃতি, ইতিহাস ও মানবিক মূল্যবোধকে ধারণ ও সংরক্ষণের এক শক্তিশালী ভাষা। একটি ভালো আলোকচিত্র সময়কে ধরে রাখে এবং প্রজন্ম থেকে প্রজন্মে সত্য ও সৌন্দর্যের বার্তা পৌঁছে দেয়। সিলেট ফটোগ্রাফিক সোসাইটির এই আয়োজন দেশের আলোকচিত্র চর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মের আলোকচিত্রীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন বিশেষ অবদান রাখবে।
শুক্রবার সিলেট নগরীর চাঁদনীঘাটস্থ সারদা হলে সিলেট ফটোগ্রাফিক সোসাইটি (এসপিএস) আয়োজিত তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
দেশের বিভিন্ন প্রান্তের আলোকচিত্রীদের পাঠানো সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক, ঐতিহ্য, প্রকৃতি, জীবনধারা ও সমসাময়িক নানা বিষয়ভিত্তিক অসংখ্য আলোকচিত্রের মধ্য থেকে বিচারকদের নির্বাচিত ছবিগুলো প্রদর্শনীতে স্থান পায়। প্রদর্শনীজুড়ে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসপিএসের সভাপতি আ ন ম জিয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)-এর সভাপতি ইউছুফ তুষার। স্বাগত বক্তব্য দেন এসপিএসের যুগ্ম সাধারণ সম্পাদক পয়েল আহমদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসপিএসের উপদেষ্টা আতাউর রহমান আতা ও আব্দুল মোনায়েম, সাধারণ সম্পাদক এখলাছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রিমন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আকাশ চৌধুরী এবং ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া।
এ সময় উপস্থিত ছিলেন এসপিএসের সহ-সভাপতি মো. রায়হান চৌধুরী, অর্থ সম্পাদক মো. খালেদ আহমদ, প্রচার সম্পাদক সালেহ আহমদ, প্রদর্শনী সম্পাদক কার্তিক পাল, নির্বাহী সদস্য মঞ্জুরুল কাদির শাফি, মিঠু ছেত্রী ও ম্যাক সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শুকান্ত তালুকদার, মিলন রায়, ধ্রুব দাস, অসমিত অভি, পুলক সিল, দিথী তৃণা, সুজন পালসহ অনেকে।
প্রতিযোগিতায় গ্র্যান্ড পুরস্কার অর্জন করেন সৌরভ দাস। ফখরুল ইসলাম মেমোরিয়াল পুরস্কার লাভ করেন অমিত আইচ। প্রথম পুরস্কার অর্জন করেন মো. রাশেদ কবির, দ্বিতীয় পুরস্কার পান ডা. মো. আশফাক হোসেন এবং তৃতীয় পুরস্কার অর্জন করেন আয়মান নাকিব।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *