গোলের পর এনজোকে নিয়ে পোস্ট, সমালোচনার মুখে মুছে ফেললো চেলসি

স্পোর্টস ডেস্ক- 

২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সেমিফাইনাল জয়ের পর এনজো ফার্নান্দেজকে নিয়ে দেওয়া একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট তীব্র সমালোচনার মুখে মুছে ফেলেছে চেলসি।

বুধবার (১৫ জুলাই) ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের প্রত্যাবর্তনের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এনজো। ম্যাচে সমতাসূচক গোলটি করেন চেলসির এই মিডফিল্ডার। গোলের পরই নিজেদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এনজোকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেয় প্রিমিয়ার লিগের ক্লাবটি।

তবে পোস্টটি মুহূর্তেই সমর্থকদের ক্ষোভের মুখে পড়ে। অনেকের মতে, ইংল্যান্ডের একটি ক্লাব হিসেবে জাতীয় দলের বিদায়ের মুহূর্তে প্রতিপক্ষের গোল উদযাপন করা সমর্থকদের অনুভূতির প্রতি অসম্মান দেখানোর শামিল। সমালোচনা বাড়তে থাকায় কিছুক্ষণ পরই পোস্টটি মুছে ফেলে চেলসি। তবে কেন পোস্টটি সরানো হয়েছে, সে বিষয়ে ক্লাবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

 

সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক সমর্থক লিখেছেন, একটি ইংলিশ ক্লাবের এমন পোস্ট করা চরম লজ্জাজনক। তবে এই ক্লাবের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করিনি।

আরও অনেক সমর্থক রসিকতা করে মন্তব্য করেন, এই বিতর্কিত পোস্টের কারণে হয়তো ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারীর চাকরিই চলে যাবে।

এর আগে, ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর বর্ণবাদী ও আপত্তিকর স্লোগানসংক্রান্ত একটি ঘটনায় তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। পরে প্রকাশ্যে ক্ষমা চান এবং চেলসিও বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল।

তবে মাঠের পারফরম্যান্সে এনজো এখনো চেলসির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ২০২৩ সালে বেনফিকা থেকে ব্রিটিশ রেকর্ড ট্রান্সফার ফিতে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেওয়া এই মিডফিল্ডার ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করে আবারও আলোচনায় এসেছেন।

ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা এখন বিশ্বকাপের ফাইনালে। আগামী ১৯ জুলাই শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ স্পেন। এনজো ফার্নান্দেজের লক্ষ্য থাকবে দলকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা।

এদিকে ক্লাব ফুটবলে তার ভবিষ্যৎ নিয়েও জল্পনা চলছে। বিশেষ করে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে তার নাম নিয়মিতই আলোচনায় আসছে। তবে আপাতত এনজোর পুরো মনোযোগ বিশ্বকাপ ফাইনালেই।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *