যেকোনো হামলার কঠোর জবাব দেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক –

ইরানের বিরুদ্ধে যেকোনো হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি।  সেইসঙ্গে যে কোনো হুমকি মোকাবিলায় আগেই নির্ধারিত ও কঠোর প্রতিক্রিয়ার ব্যবস্থা রাখার আহ্বানও জানিয়েছেন তিনি।

আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী গরিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক আগ্রাসনের জবাবে ‘কঠোর ও চূর্ণকারী প্রতিক্রিয়ার’ নীতি অব্যাহত রাখা প্রয়োজন।

তিনি প্রস্তাব দেন, দেশটির পার্লামেন্ট বা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এমন একটি সিদ্ধান্ত অনুমোদন করতে পারে, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা, সামরিক কর্মকর্তা বা বেসামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ক্ষতিকর পদক্ষেপ নেওয়া হলে কী ধরনের কঠোর জবাব দেওয়া হবে, তা আগে থেকেই নির্ধারিত থাকবে।

গরিবাবাদি বলেন, ‘ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপই জবাবহীন থাকা উচিত নয়।’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দিন ধরে চলা তীব্র সামরিক উত্তেজনার পর তিনি এ মন্তব্য করেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণ উপকূলে হামলা চালিয়েছে এবং ইরান আঞ্চলিক দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

তথ্যসূত্র: মেহের

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *