মানবকল্যাণ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় প্রভু মদনগোপালের শিক্ষা আজও প্রাসঙ্গিক

সিলেটে প্রভু মদনগোপালের তিরোধান তিথি উপলক্ষে স্মরণসভা, ধর্মীয় আলোচনা ও ‘প্রভু মদনগোপাল পদক’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা, সিলেট শাখার উদ্যোগে রোববার (১৫ জুন) সিলেট নির্ম্বাক আশ্রমে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৯টায় ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ভক্তবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সমাজসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা, বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট শ্রী মুকুন্দ চন্দ্র দেবনাথ। সভাপতিত্ব করেন শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা, সিলেট শাখার সভাপতি শ্রী শিশির রায়।

স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট শাখার সাধারণ সম্পাদক প্রকাশলী শ্রী দেবদাস রায়। বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার দেব। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা, সিলেট শাখার সহ-সাধারণ সম্পাদক স্থপতি শ্রী জিষ্ণু কুমার দাস।

আলোচনায় বক্তারা প্রভু মদনগোপালের জীবন, কর্ম ও আধ্যাত্মিক দর্শনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান। তাঁরা বলেন, ধর্মীয় মূল্যবোধ, মানবকল্যাণ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় প্রভু মদনগোপালের শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

অনুষ্ঠানে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং নিতাইচাঁদের মহিমা প্রচারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘প্রভু মদনগোপাল পদক’ প্রদান করা হয়। এ বছর পদকপ্রাপ্তরা হলেন বিশিষ্ট সমাজসেবক শ্রী বাদল কুমার দে (মরণোত্তর) এবং প্রভু মদনগোপালের জীবন ও আদর্শ প্রচারে নিবেদিতপ্রাণ শ্রী দেবদাস রায়।

এছাড়া অনুষ্ঠানে ধর্মীয় শাস্ত্র পাঠ, আধ্যাত্মিক সংগীত পরিবেশন, ভক্তিমূলক আলোচনা এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে দেশ, জাতি ও সমগ্র বিশ্বমানবতার শান্তি, কল্যাণ ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *