শ্যামনগরে জমি বিরোধে সংঘর্ষ: নারীসহ একই পরিবারের ৬ জন আহত…

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ একই পরিবারের অন্তত ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী মোঃ আবু হুসাইন (২৮) অভিযোগ করেন, উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মথুরাপুর এলাকায় তার বাড়ির পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বুধবার (২৭ মে) ভোর আনুমানিক ৬টার দিকে একদল লোক তার বসতভিটার উত্তর পাশের সীমানা পিলার উপড়ে ফেলে। এ সময় তার পিতা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয়দ সূত্রে  জানান যায়, সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। একই সময়ে তার ভগ্নিপতি মোঃ বেলাল হোসেন, পিতা আব্দুল মজিদ গাজী, বোন মর্জিনা খাতুন, ভাই আবু হাসান ও ভাবী খাদিজা খাতুনও আহত হন। তাদের মধ্যে কয়েকজনের শরীরে কাটা ও আঘাতজনিত গুরুতর জখম হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সংঘর্ষের সময় পরিবারের দুই নারী সদস্যের শ্লীলতাহানি করা হয়।

তবে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় আবু হুসাইন বাদী হয়ে শ্যামনগর থানায় ৯ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, এটি মূলত জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা। তাদের দাবি, তারা কোনো পরিকল্পিত হামলা বা শ্লীলতাহানির সঙ্গে জড়িত নন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *