সংবাদ প্রকাশে এক সাংবাদিককে রক্তাক্ত করল শীর্ষ মাদক কারবারি হাওয়ার্ড

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক –

বগুড়ার ধুনটে মাদক ব্যবসার সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন দৈনিক নববাণীর ধুনট উপজেলা প্রতিনিধি শ্রী গোবিন্দ রায় (৩৬)।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ধুনট উপজেলার মালোপাড়া ও গুচ্ছগ্রামে চলমান মাদক ব্যবসা ও সেবন নিয়ে গত ১৩ ও ১৪ মে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক গোবিন্দ রায়। সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত হাওয়ার্ড রুবেল, মোন্তা ও তাদের সহযোগীরা ১৪ মে রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে সাংবাদিকের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। এসময় তার স্ত্রী বাধা দিলে পুরো পরিবারকে মারপিট ও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে খবর পেয়ে বাড়ি ফেরার পথে ধুনটের ক্লিওপ্রেট্টা সিনেমা হল সংলগ্ন এলাকায় সাংবাদিক গোবিন্দ রায়ের ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে টেনে গলির ভেতরে নিয়ে যায় এবং লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে। আত্মরক্ষার চেষ্টা করলে আঘাত তার বাম চোখের নিচে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়।
তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা ও আইনের শাসনের জন্য হুমকিস্বরূপ।

তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *