মুন্সিগঞ্জ প্রতিনিধি-
বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদের সঙ্গে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে বাংলাদেশ সচিবালয়-এ অবস্থিত তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার পক্ষ থেকে প্রধান তথ্য কর্মকর্তাকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পত্রিকাটির সম্পাদক ও ঝিকুটপত্রের সম্পাদক আশরাফ ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার, দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সহযোগী সম্পাদক আতিকুর রহমান নয়ন এবং ঝিকুট ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম বেপারি।
মতবিনিময় সভায় দেশের গণমাধ্যমের বর্তমান প্রেক্ষাপট, সাংবাদিকতার মানোন্নয়ন, তথ্যের সঠিক ও দায়িত্বশীল প্রচার এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান তথ্য কর্মকর্তা এ সময় গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং তথ্যপ্রবাহকে আরও গতিশীল ও নির্ভুল করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর ভূমিকাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
প্রতিনিধিদলও তাদের পক্ষ থেকে গণমাধ্যমের উন্নয়ন ও মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতে তথ্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।


