হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান করুন: কৃষক ফ্রণ্ট

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান, বাঁধ নির্মাণে দুর্নীতির সাথে যুক্তদের শাস্তি নিশ্চিত করা, হাওরের জলাবদ্ধতার স্হায়ী সমাধানের দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার (৩ মে) বিকাল ৫টায় চৌহাট্টাস্হ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়,বাসদ নেতা এম এ ওয়াদুদ,কবি মেঘদাদ‌,মাহফুজ আহমদ, প্রিতম রায়, মনজুর আহমদ, জাহেদ আহমদ প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন ,হাওর অঞ্চলের ফসল রক্ষা বাঁধ নির্মাণ, পানি ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমে যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, দুর্নীতির কারণেই প্রতি বছর হাওরের কৃষক-বর্গাচাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।   সময়মতো মানসম্মত বীজ ও সার সরবরাহ নিশ্চিত করা গেলে এভাবে কৃষকরা সর্বশান্ত হতো না।

বক্তারা বলেন, হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সকল ঋণ মওকুফ করতে হবে এবং নতুন করে সহজ শর্তে সুদমুক্ত বা স্বল্পসুদে ঋণ প্রদান করতে হবে, যাতে তারা আবার উৎপাদনে ফিরে আসতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকদের খাদ্য নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে বক্তারা বলেন, হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং সরকারি উদ্যোগে নিয়মিত চালসহ খাদ্য সহায়তা প্রদান নিশ্চিত করতে হবে, যাতে তারা মানবেতর জীবনযাপন থেকে রক্ষা পায়।

বক্তারা বলেন, অবকাঠামো ও পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে বলেন, হাওর অঞ্চলে টেকসইভাবে নদী, বিল ও খালগুলো খনন করতে হবে। কার্যকর বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থাকে সচল রাখতে হবে। একই সঙ্গে এসব কাজে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন বিপর্যয় এড়ানো যায়।

বক্তারা বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’-তাই কৃষকের ন্যায্য অধিকার ও জীবিকা রক্ষায় সরকারের জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *