সিলেট নিউজ টাইমস্ ডেস্ক –
সাম্প্রতিক সময়ে ‘আমি যদি এখন আহ্বান জানাই, দেশের ৮০ শতাংশ মানুষ রাস্তায় নেমে আসবে’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্ধৃত করা হয়েছে বলে দাবি করা হয়।
রিউমার স্ক্যানার টিমের তদন্তে উঠে এসেছে যে, আলোচিত ওই মন্তব্যটি নাহিদ ইসলাম করেননি। মূলত একটি স্যাটায়ারধর্মী পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে ভিত্তি করে সেটিকে বাস্তব সংবাদ হিসেবে উপস্থাপন করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ‘Gupto Television’ নামে একটি ফেসবুক পেজে গত ১২ এপ্রিল একটি ফটোকার্ড প্রকাশ করা হয়েছিল। আলোচিত ফটোকার্ডটির সঙ্গে ওই পোস্টটির সাদৃশ্য পাওয়া গেছে।
পেজটি পর্যালোচনা করে এর বায়োতে উল্লেখ পাওয়া যায়, এটি একটি স্যাটায়ার ও প্যারোডিভিত্তিক প্ল্যাটফর্ম। সেখানে বলা হয়েছে, সব ধরনের কনটেন্ট কেবল বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়। পাশাপাশি হাস্যরস, ব্যঙ্গ ও প্যারোডির মাধ্যমে উপস্থাপিত এসব কনটেন্টের একমাত্র লক্ষ্য বিনোদন প্রদান করা।
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
পরবর্তী অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি।
সুতরাং, নাহিদ ইসলাম ‘আমি যদি এখনো ডাক দেই দেশের ৮০ ভাগ মানুষ রাস্তায় নেমে আসবে।’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।


