সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, মাহে রমজান হচ্ছে কুরআন নাযিলের মাস। পবিত্র এই মাসে সহীহ কুরআন শেখা ও প্রশিক্ষণ দেয়া দুটোই গুরুত্বপূর্ণ কাজ। কুরআন থেকে কল্যাণ হাসিল করার জন্য শুদ্ধ করে তেলাওয়াতের বিকল্প নেই। কুরআন হচ্ছে মুমিনের পথচলার গাইডলাইন। তাই কুরআনকে শুধু মুখস্থ ও অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবেনা। কুরআনের সুমহান আলোয় জীবন আলোকিত করতে হবে। ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ নিশ্চিত করতে কুরআনের আলোকে জীবন পরিচালনার শপথ নিতে হবে।
রোববার (১৫ মার্চ) সিলেট নগরীর হাউজিং এস্টেটস্থ উম্মুল কুরা একাডেমিতে চেতনা যুব পরিষদ সিলেটের উদ্যোগে মাসব্যাপী কুরআন শিক্ষা কার্যক্রমের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেতনা যুব পরিষদ সিলেটের সভাপতি জুলকার নায়েনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান মো. মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত, বিমানবন্দর থানা বিএনপির সেক্রেটারি সৈয়দ সরওয়ার রেজা, চেতনা যুব পরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিব, চেতনার সাধারণ সম্পাদক ও উম্মুল কুরার প্রিন্সিপাল মুফতি মাওলানা আহমেদুল হক উমামা, কানাডা প্রবাসী মাওলানা আবদুস সামাদ, আব্দুস সুবহান আজাদ, মুক্তা আহমদ, আখলাকুর রহমান, চেতনার সমাজ সেবা সম্পাদক হাকিম আফরোজ হোসেন, কর্যকরী পরষদ সদস্য লুতফুর রহমান, আব্দুল করিম, সিলেট যুব কল্যাণ সংস্থার সভাপতি আফিক আহমদ আফিক, লুতফা বেগম, হাফিজ ফারহানুল ইসলাম সাইফ, ক্বারী হাফিজ হুম্মাম মুহসিন, আখলাক আহমদ, ক্বারীয়া নাফিসা আক্তার, ক্বারী মাওলানা শামসুল ইসলাম, ক্বারী হাফিজ ইমাম উদ্দিন, ক্বারী মাওলানা মাহবুবুল হক, ক্বারী মাওলানা আলাউর রহমান, হাফিজ মোরাজ হাসান, হাফিজ আহনাফ আতিফ প্রমুখ।
সভাপতির বক্তব্যে চেতনা যুব পরিষদ সিলেটের সভাপতি জুলকার নায়েন বলেন, চেতনা যুব পরিষদ আলোকিত সমাজ গড়ার ব্রত নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা পবিত্র রমজান মাসে কুরআন শিক্ষার আসর, অসহায়দের গৃহ নির্মাণ, টিউবওয়েল স্থাপন, বৃক্ষরোপনসহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছি। ভবিষ্যতেও সমাজিক উন্নয়নমূলক কাজে আমাদের যাত্রা অব্যাহত থাকবে।


