সিলেট বিভাগে ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে আজ অর্ধ দিবস ধর্মঘট

সিলেট বিভাগে জ্বালানি তেল বিপণন খাতে সৃষ্ট বর্তমান সংকট নিরসন এবং পাম্প সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন দাবীতে আজ দুপুর ২টা পর্যন্ত সিলেট বিভাগের সকল ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে প্রতীকী ধর্মঘট আহবান করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি।
গতকাল সোমবার বিকেলে নগরীর চৌকিদেখী এলাকায় উত্তরা পেট্রোলিয়াম নামক পাম্পে দুষ্কৃতকারীদের হামলার ঘটনার পর এক বৈঠকে এসিদ্ধান্ত নেন সংঘঠনের নেতৃবৃন্দ। রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশদ আজিম আদনান।
জানা যায়, সোমবার বিকেলে নগরীর চৌকিদেখী এলাকায় উত্তরা পেট্রোলিয়াম নামক পাম্পে জ্বালানী তেল নিতে আসা এক ব্যক্তি পাম্পের ম্যানেজারের উপর হামলা চালায়। হামলাকারীর ছুরিকাঘাতে মারাত্বক আহত হন তিনি। বর্বরোচিত এই হামলায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবীতে বৈঠকে বসেন পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বৈঠক শেষে নেতৃবৃন্দ জানান, উত্তরা পেট্রোলিয়ামে সংঘটিত বর্বরোচিত হামলায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর ত্রুটিপূর্ণ বিপণন নীতি সংশোধন করে সিলেট বিভাগে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা দ্রুত আধুনিক, বাস্তবসম্মত ও কার্যকর পদ্ধতিতে স্বাভাবিক করার দাবীতে আজ দুপুর ২টা পর্যন্ত সিলেট বিভাগের সকল ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে প্রতীকী ধর্মঘট পালন করা হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *