নিজস্ব প্রতিবেদক :অক্ষর সেবাঘর বাংলাদেশের উদ্যোগে লংগদুর ক্ষতিগ্রস্তদের পাশে “ব্রাদার বাহার” টিম
রাঙামাটি, ১২ জুলাই ২০২৫কাপ্তাই লেকের পানি বৃদ্ধির ফলে লেকপাড়ের বাসিন্দারা কয়েকদিন ধরে চরম দুর্ভোগে ভুগছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পানির উচ্চতা বৃদ্ধির কারণে বহু বাড়িঘর ডুবে গেছে এবং শতাধিক পরিবার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। অবশেষে কর্তৃপক্ষ কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়ায় পানি স্থিতিশীল হলেও ক্ষয়ক্ষতির মাত্রা বেড়ে যায়।
বাড়িঘরে পানি নেমে গেলেও তাৎক্ষণিকভাবে বসবাসযোগ্য নয় বলে জানান স্থানীয়রা। তাদের মতে, যদি ১০-১২ দিন আগে পানি ছাড়া হত, তবে এ ক্ষয়ক্ষতি অনেকটাই কমে যেত।
এমন পরিস্থিতিতে সামাজিক সংস্থা অক্ষর সেবাঘর বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা পরিচালক, লেখক ও সমাজকর্মী আহমদ রশিদ (ব্রাদার বাহার)-এর পক্ষ থেকে গতকাল (১২ জুলাই) রাঙামাটির লংগদু উপজেলার ভাইবোনছড়া গ্রামে পানিবন্দি পরিবারের মাঝে নৌপথে বোট নিয়ে ফুডপ্যাক বিতরণ করা হয়।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় রশিদিয়া বাহরুল উলুম মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সুলতান পিসি, সেক্রেটারি মনিরুজ্জামান স্বপন, সদস্য রাসেল ইসলাম, মাদরাসার শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন ও মাওলানা রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
#টীম_ব্রাদার_বাহার সদস্যরা প্যাকেজিং থেকে শুরু করে সহায়তা পৌঁছানো পর্যন্ত আন্তরিকভাবে কাজ করেন। সংগঠনের পক্ষ থেকে অর্থ ও শ্রম দিয়ে সহায়তা প্রদানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তাদের নেক মেহনত আল্লাহপাক কবুল করার জন্য দোয়া করা হয়।
ব্রাদার বাহার জানান,“যারা দীর্ঘদিন আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য হবেন, তাদের আমরা নজরদারিতে রাখব। প্রয়োজনে জরুরি সহায়তা পৌঁছে দেব। কারণ অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে আবারও কাপ্তাই লেকের পানি বেড়ে যেতে পারে।”
সংগঠনের বার্তা:“দুর্যোগে হাত ছুঁইলে দূর হয় দূরত্ব, ভাই নয় তবুও তৈরি হয় বন্ধন—ভ্রাতৃত্ব।”


