নিজস্ব প্রতিবেদক: ২৯ মে বৃহস্পতিবার সিলেটের বিভাগীয় প্রশাসন আয়োজন করছে ‘সিলেট বিভাগের পর্যটন শিল্পের উন্নয়ন ও সম্ভাবনা’ শীর্ষক সভা। তবে এ সভায় আমন্ত্রণ জানানো হয়নি দেশের বৃহত্তম ট্যুরিজম ইন্ডাস্ট্রি এসোসিয়েশন, ট্যুরিজম ডেভেলপার’স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিডাব) কে। এটি নিয়ে সিলেটের পর্যটন সংশ্লিষ্ট মহলে চলছে নানা কথা।
টিডাব এর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যম জানা যায়, ২৯ মে বৃহষ্পতিবার সকাল ১০ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট-এর সম্মেলন কক্ষে “সিলেট বিভাগের পর্যটন শিল্পের উন্নয়ন ও সম্ভাবনা ” শীর্ষক সভার আয়োজন করেছে বিভাগীয় প্রশাসন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। সভাপতিত্ব করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব দেবজিৎ সিংহ।
টিডাব এর ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ খতিবুর রহমান বলেন, টিডাব বাংলাদেশের বৃহৎ ট্যুরিজম ইন্ডাস্ট্রি এসোসিয়েশন। সংগঠনের সদস্যরা সরকারী লাইসেন্স নিয়ে ট্রাভেল ও ট্যুর অপারেটর ব্যবসা করে আসছেন। কিন্তু অত্যান্ত দুঃখজনক বিষয় সিলেট বিভাগীয় পর্যায়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে সেখানে সিলেট বিভাগের কোন টিডাব সদস্যদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, অথচ এই সংগঠনটি দেশে পর্যটন উন্নয়ন নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। তিনি বলেন, সিলেটের পর্যটন উন্নয়ন ও সম্ভাবনা শীর্ষক সভায় পর্যটন সংশ্লিষ্ট সংগঠনকে উপেক্ষা করে কীভাবে এ আয়োজন সফল হবে সেটা বোধগম্য নয়।
সিলেট অঞ্চলের টিডাব সদস্য মোহাম্মদ মুক্তার উদ্দীন, হিফজুর রহমান খান, জুনেদ আলম বলেন পর্যটন খাতের বিকাশে যাদের অবদান সবচেয়ে বেশি সরকার কর্তৃক নিবন্ধিত সে সব ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরদের কর্মশালায় আমন্ত্রণ না জানিয়ে কিভাবে পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশ করবেন সেটা বোধগম্য হচ্ছেনা।
সংবাদ বিজ্ঞপ্তি


