সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের জ্যেষ্ঠ পুত্র ডাক্তার আরমান শিপলুর বাসভবনে ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে গুলি বর্ষন, ককটেল নিক্ষেপ এবং ব্যাপক ভাঙচুর ও আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগরীর ছড়ার পাড়স্থ, সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান ও ডাক্তার আরমান আহমদ শিপলুর বাসভবন এবং বাসভবন পার্শ্ববর্তী বশির উদ্দিন আহমদ মার্কেটের দোকানপাটে হামলা করে ভাংচুর ও ব্যাপক ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা।
ডাক্তার শিপলুর বাসভবন উদ্দেশ্য করে, দু রাউন্ড গুলি ছুঁড়েছ এবং কয়েকটি ককটেল নিক্ষেপ করেছে হামলাকারীরা।
পরে মার্কেটের সবগুলো দোকানপাটের মালামাল লুটপাট ও ক্যাশে থাকা নগদ টাকা পয়সা নিয়ে যায় দুর্বৃত্তেরা। এক পর্যায়ে দোকানের আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী কয়েকজন থেকে জানা যায়, মঙ্গলবার বিকেলে, ৩০ থেকে ৪০টি মোটরসাইকেল যোগে, দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে, হৈ হৈ রৈ রৈ শেখ হাসিনা গেলি কই, শিপলু তোর চামড়া, তুলে নিব আমরা এরকম নানা শ্লোগান দিয়ে, এবং বাসা লক্ষ করে দু রাউন্ড গুলি ছুঁড়ে এবং কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এর আগে বাসার দরজা, জানালার কাঁচ ব্যাপক ভাঙচুর করে ও আসবাবপত্র তছনছ করে ব্যাপক ক্ষতিসাধন করেছে হামলাকারী দুর্বৃত্তরা ।
পরে বাসার পাশের বশির উদ্দিন আহমদ মার্কেটের দোকানপাট লুটপাট করে ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। এসময় আশেপাশের এলাকার মানুষ আতংকিত হয়ে দিগবিদিগ ছুটতে থাকে।
স্থানীয়রা জানায়, ডাক্তার শিপলুর বাসায় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীগণ, জামাত শিবির ও বি এন পির রাজনীতিতে জড়িত।
এ বিষয়ে, বিএনপি ও জামাত দায়িত্বশীল নেতৃবৃন্দের কাউকে ফোনে পাওয়া যায়নি।
হামলায় ক্ষতিগ্রস্ত, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপপরিচালক ডাক্তার আরমান আহমদ শিপলুর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে, তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।


