চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন মন্ত্রী

নিউজ ডেস্ক:: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। তারা ভবিষ্যতেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সাল নাগাদ উন্নত দেশে রূপান্তরের স্বপ্ন বাস্তবায়নের পথে উন্নয়ন সহযোগী হিসেবে থাকতে চায়। তারা কখনো বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা ঘামায়নি, ভবিষ্যতেও ঘামাতে চায় না।

সচিবালয়ে মঙ্গলবার চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. হাছান বলেন, চীনের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতের জন্য এসেছিলেন। স্বাভাবিকভাবেই আমাদের উন্নয়ন ভাবনা এবং আমাদের ‘ডেভেলপমেন্ট প্রসেসে’ চীন সরকারের যে ভূমিকা, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন, দেশের অনেক বড় বড় প্রকল্প, বঙ্গবন্ধু টানেল, বিভিন্ন ব্রিজ এবং মেগা প্রকল্প বাস্তবায়নে চীন কাজ করেছে। চট্টগ্রামে এখন বহিঃসমুদ্র থেকে যাতে সরাসরি পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারিতে আমাদের তেল আসতে পারে, সেজন্য তারা পাইপলাইন নির্মাণ করছে এবং একটি ইপিজেডের কাজ চলছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, আমাদের ‘সিঙ্ক টিভি’ একটা প্রজেক্ট আছে, যার মাধ্যমে বিভাগীয় শহরগুলোয় টেলিভিশন কেন্দ্র স্থাপনের জন্য আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি, সেটি চীন সরকারের অর্থায়নে হওয়ার কথা ‘কনসেশনাল লোনে’, সেটি নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে চীন এ দেশের অর্থনৈতিক, অবকাঠামোগত এবং সামাজিক উন্নয়ন কাজে অংশীজন হিসেবে সহায়তা করে আসছে। এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরে আমরা আনন্দিত। আমরা কখনো এ দেশের রাজনীতি নিয়ে মাথা ঘামাইনি, ভবিষ্যতেও চাই না।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *