নিউজ ডেস্ক:: কক্সবাজার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুড়া এলাকায় খালে মাছ শিকার করতে গিয়ে অপহৃত কলেজ ছাত্রসহ ৮ জন ফিরে এসেছেন। তবে তাদের গায়ে অসংখ্য নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
বুধবার (২৩ ডিসেম্বর) মধ্যরাতে পাহাড়ে অপহরণকারীদের আস্তানা থেকে ছাড়া পেয়ে সবাই নিজেদের বাড়িতে ফিরে আসেন। তবে এখনো আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফিরে আসা মো. রিদুয়ানের পিতা মমতাজ সাংবাদিকদের জানান, রাতে আমার ছেলে বাড়িতে ফিরে এসেছে। তবে আসামাত্র তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে গেছে। আমি মনে করি পুলিশ-জনতা চারিদিক থেকে পাহাড় ঘিরে রেখেছে বলে যে সংবাদ প্রচার হয়েছে সেই অভিযানের ভয়ে তারা তাদের ছেড়ে দিয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম জানান, তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে। আমাদের আইনি প্রক্রিয়া শেষে গণমাধ্যম কর্মীদের বিস্তারিত জানানো হবে।


