সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় জানাজায় হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ২০ মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন।
আসামি জাকির হোসেন (৩৮) উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন এলাকার জাকির হোসেনকে আটক করেন।
তবে স্থানীয়দের অনুরোধে আটক জাকির হোসেনকে মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। এটিকে কাজে লাগিয়ে স্থানীয়দের নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যায় জাকির হোসেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ বলেন, শিগগিরই আসামি ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের গ্রেফতার করা হবে। এবং তাদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে হাতকড়া উদ্ধার হয়েছে।


