ভারতের ‘উগ্র হিন্দু’ কর্তৃক মুসলমানদের হত্যা, নির্যাতন এবং মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। বৃহস্পতিবার বিকালে নগরীতে এই মিছিল করে সংগঠনটি। মিছিল থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসা প্রতিহত করার ঘোষণা দেয়া হয়।
নগরীর সোবহানীঘাট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি কোর্ট পয়েন্ট হয়ে পূর্বজিন্দাবাজারে গিয়ে আবুতোরাব পয়েন্টে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা জমিয়তের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শায়খুল হাদিস আব্দুল মালিক মোবারক পুরীর সভাপতিত্বে এবং জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মাওলানা আাব্দুস সালাম ও সিলেট মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক সরকারের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সোবহানীঘাট মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল মুছব্বির, জেলা জমিয়তের অন্যতম নেতা মাওলানা মাহমুদ হোসাইন বড়বন্দী, মাওলানা ইব্রাহিম সালুটিকরী, মহানগর জমিয়তের অন্যতম নেতা মাওলানা খাইরুজ্জামান, ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী এম. বেলাল আহমদ চৌধুরী, জমিয়ত নেতা মাওলানা হেলাল আহমদ, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতা মীম সালমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা মোবারক পুরী বলেন, ‘নরেন্দ্র মোদী দিল্লির নিরহ মুসলমানদের উপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়ে, ঘরবাড়ি এবং মসজিদে অগ্নিসংযোগ করে মুসলমানদের কলিজায় যে আঘাত দিয়েছেন তা কুখ্যাত হিটলারকেও হার মানায়। আন্তর্জাতিক আদালতে কসাই মোদীর বিরুদ্ধে চূড়ান্ত বিচারের দাবি জানাচ্ছি।’
প্রতিবাদ সভায় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল মালিক চৌধুরী বলেন, ‘মুসলমানদের হত্যা, অগ্নিসংযোগ, নির্বিচারে নারী-পুরুষের রক্তে হুলি খেলে কসাই মোদী বাংলার জমিনে পা রাখার অধিকার হারিয়ে ফেলেছেন। আগামী ১৭ই মার্চ আমরা মোদীকে বাংলার মাঠিতে পা রাখতে দেব না ইন শা আল্লাহ।’


