নিজস্ব প্রতিনিধি:: মাধবপুরে একদল ডাকাতের হামলায় রাশেদ মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর খুন হয়েছেন। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের এলাকার মৃত চান মিয়ার ছেলে।
জানা যায়, রাশেদ মিয়া মাধবপুর উপজেলার শ্যামলীপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে স্থানীয় বাজারে একটি স্টেশনারী দোকানে ব্যবসা করত। শুক্রবার দিবাগত মধ্য রাতে সে কাজ শেষে বাসায় ফিরছিল।
এসময় বাসার সামনে পৌছামাত্র একদল ডাকাত রাশেদ মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে তার সাথে থাকা নগদ টাকা কড়িসহ মালামাল নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ধারণা করা হচ্ছে পুর্ব শত্রুতার জেরধরে এ হত্যাকান্ডটি ঘটেছে। অভিযুক্তদের ধরতে পুলিশ চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।


