Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 21 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা

📅 02 September 2026, 09:09 PM | 👁️ পঠিত: 15 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা

ব্যবসায়িক পরিকল্পনা, হিসাব সংরক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের নীতি ও অর্থায়ন সুবিধা এবং ঋণ ব্যবস্থাপনা বিষয়ে সিলেটের নারী উদ্যোক্তা ও এসএমই ঋণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে “সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সিলেটের তালতলাস্থ বাংলাদেশ ব্যাংকের হলরুমে সমন্বয় ও নেতৃত্বদানকারী ট্রাস্ট ব্যাংক পিএলসি সহ সিলেট জেলার  ২০টি ব্যাংকের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। তিনি বলেন, বাংলাদেশের এসএমই খাতের উন্নয়নে নারী উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারী উদ্যোক্তারা এসএমই খাতের অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, তাঁদের বলিষ্ঠ অংশীদারিত্বের মাধ্যমে দেশের এসএমই খাত আরও এগিয়ে যাবে।

তিনি বলেন, নারীদের অগ্রযাত্রায় সহায়তা করতে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর সহযোগিতায় নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন বিশেষায়িত ঋণ স্কিমের মাধ্যমে অর্থায়নের সুযোগ সৃষ্টি করছে। এর মাধ্যমে তাঁদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং অধিকতর স্বাবলম্বী করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেটের পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান ও আব্দুস সালাম মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির এসএমই বিভাগের প্রধান সাদাত আহমেদ খান।

প্রশিক্ষণ কর্মশালায় সিলেট জেলার ২০টি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের এসএমই ঋণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি জেলার উদীয়মান ৪৫ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনায় সক্ষমতা অর্জন এবং ব্যাংকিং ও ঋণ সুবিধা গ্রহণের বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]