Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

নৌমন্ত্রীকে ডেকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

📅 30 July 2018, 05:11 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নিউজ ডেস্ক:: নৌমন্ত্রী শাজাহান খানকে ডেকে আজ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর শাজাহান খানকে ডেকে নিয়ে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন বলে সভায় উপস্থিত একাধিক মন্ত্রী আরটিভিকে নিশ্চিত করেছেন। মন্ত্রিসভায় উপস্থিত একজন মন্ত্রী বলেন, ‘আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌমন্ত্রীকে ডেকে বলেছেন- সড়ক দুর্ঘটনা খুবই মর্মান্তিক বিষয়, যিনি হারান তিনিই বোঝেন কী ব্যথা। সুতরাং কথা বলার সময় আরও সতর্ক থাকতে হবে। এ ঘটনায় দুঃখ প্রকাশ না করে পাশের দেশ ভারতের সড়ক দুর্ঘটনার রেফারেন্স দেয়া ঠিক হয়নি। এসময় নৌমন্ত্রী শাজাহান খানকে আরও সংযত হয়ে কথা বলতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং সরকার বিব্রত হয় এমন মন্তব্য করতে নিষেধ করেছেন।’ গতকাল রোববার রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনা প্রসঙ্গে সচিবালয়ে সাংবাদিকদের নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেছেন- প্রতিবেশী দেশ ভারতে প্রতি ঘণ্টায় ১৬ জন দুর্ঘটনায় মারা যায়। সেখানে এতো আলোচনা হয় না, শুধু বাংলাদেশেই হচ্ছে। আমি মনে করি যে যতটুকু অপরাধ করবে, সে ততটুকু শাস্তি পাবে এবং যে শাস্তি পাবে সেই শাস্তি নিয়ে বিরোধিতা করার কোনও সুযোগ নেই। এদিকে সোমবার সকাল থেকে নয় দফা দাবি নিয়ে বিক্ষোভসহ রাস্তা অবরোধ করে রাখে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। তবে বিক্ষোভে তাদের অন্যতম দাবি ঘাতক বাস ড্রাইভার ও হেলপারের ফাঁসিসহ নৌপরিবহনমন্ত্রীকে তার গতকালের বক্তব্যের জন্য শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। রোববার কুর্মিটোলায় জাবালে নূর পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-৯২৯৭) বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। রোববার দুপুর ১২টার দিকে খিলক্ষেত এলাকার র‌্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উচ্চমাধ্যমিক প্রথমবর্ষের ছাত্রী দিয়া আখতার মিম এবং দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল করিম। এতে আহত হয়েছিলেন আরও বেশ কয়েকজন।বাসচাপায় প্রাণহানির ঘটনায় গতকাল রোববার রাতে ক্যান্টনমেন্ট থানায় মামলা করছেন নিহত শিক্ষার্থী দিয়া খানমের (মিম) বাবা জাহাঙ্গীর আলম।সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় অভিযুক্ত বাসের দুই চালক ও দুই হেলপারকে আটক করেছে র‌্যাব।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]