Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

প্রথমবারের মতো দেওয়া হচ্ছে ‘জাতীয় চা পুরস্কার’: বাণিজ্যমন্ত্রী

📅 22 May 2023, 10:22 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
প্রথমবারের মতো দেওয়া হচ্ছে ‘জাতীয় চা পুরস্কার’: বাণিজ্যমন্ত্রী
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের চা শিল্পের অগ্রযাত্রায় বাংলাদেশ চা বোর্ড এবং এর অংশীজন হিসেবে বাগান মালিক, চা উৎপাদনকারী এবং প্যাকেজিং-বিপণন কোম্পানিসহ চা শিল্পে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছেন। এসব প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তির অবদানকে স্বীকৃতি দিতেই ‘জাতীয় চা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রণালয়ের এক সভায় সোমবার বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে জাতীয় ‘জাতীয় চা পুরস্কার’ যাচাই-বাছাই কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়।
সভায় মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪ জুন ১৯৫৭ সালে বাংলাদেশ চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যানের পদ অলংকৃত করেন। পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে দেশের চা শিল্পে অসামান্য অবদান রাখেন। চা শিল্পে জাতির পিতার অবদানকে অবিস্মরণীয় করে রাখতে প্রতি বছর ৪ জুন জাতীয় চা দিবস পালন করা হয়। দেশে চা শিল্পের চাষাবাদ থেকে বিপণন পর্যন্ত বিভিন্ন স্তরে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখায় প্রথমবারের মতো দেওয়া হবে ‘জাতীয় চা পুরস্কার’। আটটি ক্যাটাগরিতে দেওয়া হবে এ পুরস্কার। প্রতি বছর ৪ জুন জাতীয় চা দিবস উদযাপন করা হয়। এবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে দিবসটি উদযাপন করা হবে। সেখানেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ চা বোর্ডের যৌথ উদ্যোগে এবার জাতীয় চা দিবসে এ পুরস্কার দেবে বলে সোমবার মন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্ত হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চা শিল্পের অগ্রযাত্রাকে আরও বেগবান ও অনুপ্রাণিত করার লক্ষ্যে জাতীয় চা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যেসব ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার- (১) একরপ্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান, (২) সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বাগান, (৩) শ্রেষ্ঠ চা রপ্তানিকারক, (৪) শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী, (৫) শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান, (৬) বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান/কোম্পানি, (৭) দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে শ্রেষ্ঠ চা প্রতিষ্ঠান/কোম্পানি ও (৮) শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী (ব্যক্তি/শ্রমিক)। এ সময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]