রোটারি ক্লাব অব সিলেটের উদ্যোগে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) নগরীর মীরবক্সটুলাস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই সেমিনারের আয়োজন করা হয়।
রোটারি ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. হোসাইন আহমদ এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৬৫ বাংলাদেশের ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর ও পিডিজি লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর। অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মিডিসিন বিভাগের বিশিষ্ট চিকিৎসক ডা. তানজিনা আক্তার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর পিডিজি বলেন, ডেঙ্গু বর্তমান সময়ে আমাদের জন্য একটি বড় সামাজিক ও স্বাস্থ্যগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই রোগ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা এবং সামাজিক আন্দোলন। রোটারি ক্লাব সব সময়ই মানবতার কল্যাণে এবং সমাজের সংকটকালীন সময়ে ফ্রন্টলাইনে থেকে কাজ করে। রোটারিয়ানদের পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন নাগরিককে ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আমাদের চারপাশে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। প্রতিটি পরিবার যদি নিজ নিজ আঙিনা পরিচ্ছন্ন রাখে, তবে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সচেতনতাই ডেঙ্গু থেকে বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার।
সেমিনারে কি-নোট স্পিকারের বক্তব্যে ডা. তানজিনা আক্তার চৌধুরী ডেঙ্গু জ্বরের লক্ষণ, প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসাব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ডেঙ্গুর ধরন দিন দিন পাল্টাচ্ছে। তাই সামান্য জ্বর হলেও অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। তিনি শিশু, গর্ভবতী নারী এবং বয়স্কদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে বক্তব্য রাখেন রোটারিয়ান ইখতিয়ার আহমদ চৌধুরী, রোটারি ক্লাব অফ সিলেট সাউথের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রোটারিয়ান দীপক চক্রবর্তী, রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান সেলিনা আক্তার, রোটারি ক্লাব অফ জালালাবাদ এর পাস্ট প্রেসিডেন্ট মঞ্জুর খান বাসেত, রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল এর পাস্ট প্রেসিডেন্ট হাসান কবির চৌধুরী, রোটারিয়ান পিপি ভানু জয় দাস প্রমুখ। এছাড়া সেমিনারে রোটারি ক্লাব অব সিলেটের রোটারিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন চাটার প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর ড. তোফায়েল আহমেদ।


