সিলেট কাজীর বাজার ব্রীজে এক কিশোর খুন

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক –

সিলেটে কাজিরবাজার ব্রীজে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছেন। দক্ষিণ সুরমা থেকে ফুটবল খেলা শেষে ফেরার পথে কাজিরবাজার ব্রীজে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিফাত আহমদ (১৫) নামে এক কিশোর খুন হন, সেই সাথে এই ঘটনায় ৩ কিশোর আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যারাতে নগরের কাজিরবাজার সেলফি ব্রিজের দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, নিহত রিফাত আহমদ নগরীর খাসদবির দারুস সালাম মাদরাসা সংলগ্ন বন্ধন জি-৩ বাসার মিসবাহ উদ্দিনের ছেলে ও দ্বীপ শিখা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র।

ছুরিকাঘাতে আহতরা হলেন, গোয়াইনঘাটের উপরগ্রাম এলাকার মানিক হাজির ছেলে রবিউল হাসান (১৬), এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা মজুমদারী এলাকার সাহাবুলের ছেলে সাব্বির (১৬) এবং এয়ারপোর্ট থানাধীন ইলেক্ট্রিক সাপ্লাই এলাকার সামিউল (১৬)।আহতরা ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৯ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাটি নিয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ কাজ করছে। এসএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, নিহত কিশোরসহ ৩ জন দক্ষিণ সুরমায় ইনডোর স্টেডিয়ামে ফুটবল খেলা থেকে ফিরছিল। সেখানে হয়তো ঝামেলা হয়েছে। পথিমধ্যে সেলফি ব্রিজের দক্ষিণ প্রান্তে ওই কিশোরকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কিশোরটি মারা যায়। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। তবে ঘটনাটি দক্ষিণ সুরমা এলাকার অধীনে। তাই ওই থানা পুলিশ তদন্ত করছে।

এ বিষয়ে জানতে এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামানকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

নিহতের পরিবার সূত্র জানা যায়, ওইদিন বিকেলে দক্ষিণ সুরমায় একটি ইনডোর স্টেডিয়ামে ফুটবল খেলতে বাসা থেকে বের হয়েছিল রিফাত। তার সহপাঠিদের সাথে সেখানে ফুটবল খেলে ফেরার পথে তাকে হত্যা করা হয়। নিহত রিফাত তার বাবার একমাত্র ছেলে ছিল। হাসপাতালে নিহতের পাশে রিফাতের বাবা-মা একমাত্র বোননের বুকফাটা আর্তনাদে বাতাস ভারি হয়ে ওঠে।

এই ঘটনায় রিফাতের সঙ্গীয় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। গুরুতর অবস্থায় হাসপাতালে তাদের অস্ত্রোপচার চলছে, বলে জানা গেছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *