হেরেছি মাথা উঁচু করেই, কিন্তু হতাশা সীমাহীন: এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক-

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ ব্যবধানে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে যাওয়ার পর একটুও রাখঢাক না রেখে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিলেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের শুরু থেকেই স্প্যানিশদের কারিগরি ফুটবল ও কৌশলের কাছে ফরাসিদের শক্তির জায়গাগুলো যেভাবে মার খেয়েছে, তা ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে খোলামেলাভাবেই তুলে ধরেন এই তারকা ফরোয়ার্ড।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমবাপ্পে বলেন, ‘আমার মনে হয় না আমরা যে কৌশল, কারিগরি বা সামগ্রিক পারফরম্যান্স নিয়ে খেলতে চেয়েছিলাম, তার কিছুই মাঠে দেখাতে পেরেছি। বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচে আপনি যদি নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করতে না পারেন, তবে কোনোভাবেই জেতা সম্ভব নয়।’

ম্যাচের কৌশলগত দিক ব্যাখ্যা করতে গিয়ে এমবাপ্পে জানান, তাদের মূল পরিকল্পনা ছিল স্পেনকে মাঠের ওপরের দিকেই (হাই প্রেস) চেপে ধরা, যাতে তারা নিজস্ব ধীর ও নিয়ন্ত্রিত ছন্দ তৈরি করতে না পারে। কিন্তু মাঠের খেলায় স্প্যানিশরা সেই পরিকল্পন চূর্ণ করে দেয়।

এমবাপ্পে বলেন, ‘খেলা নিয়ন্ত্রণের দিক থেকে স্পেন আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমরা তাদের থামাতে চেয়েছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি। মাঠের মাঝখানে (মিডফিল্ড) আমরা বারবার ‘৩ বনাম ২’ খেলোয়াড়ের ব্যবধানে পিছিয়ে পড়ছিলাম। স্পেনের মতো দলের বিপক্ষে মিডফিল্ডে এমন পরিস্থিতিতে পড়া মানেই বড় বিপদ। আমাদের বল টাচ বা মুভমেন্ট কোনোটিই সেমিফাইনাল খেলার যোগ্য ছিল না।’

 

চলতি বিশ্বকাপে ইতোমধ্যেই ৮টি গোল করা ২৭ বছর বয়সি এই ফরোয়ার্ড দেশের হয়ে পুনরায় ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ফাইনালে উঠে দেশকে আরও একবার স্বপ্ন দেখানোর সুযোগ দেওয়া আমাদের স্বপ্ন ছিল। কিন্তু এখন আমাদের মাথা উঁচু করেই এই পরাজয় মেনে নিতে হবে। জেতার পর যেমন মাথা উঁচু রাখা যায়, পরাজয়ের পরও তা ধরে রাখা উচিত।’

তবে এই সান্ত্বনার মাঝেও হতাশা লুকাতে পারেননি এমবাপে, ‘এই মুহূর্তে দলের ভেতরে তীব্র হতাশা বিরাজ করছে। আমি ও আমার সতীর্থরা কতটা হতাশ, তা ভাষায় প্রকাশ করা কঠিন। তবুও ফুটবল কারো জন্য থেমে থাকে না। এখন আমাদের এই ব্যর্থতা ভুলে শিক্ষা নিতে হবে, ছুটিতে গিয়ে মনকে চাঙ্গা করতে হবে এবং নতুন অধ্যায়ের জন্য আবার শূন্য থেকে শুরু করতে হবে।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *