সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম প্রতিযোগীতা শুরু

সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম টূর্ণামেন্টের ২০২৬ শুরু হয়েছে। শুক্রবার বিকেলে সিলেট জেলা ক্রীড়া সংস্থার ভেন্যুতে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো.মাসুদ রানা এ প্রতিযোগিতা উদ্বোধন করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এডিসি মাসুদ রানা বলেন, আমাদের গ্রামীণ জনপদের অন্যতম জনপ্রিয় খেলার একটি হচ্ছে ক্যারম। দক্ষিণ এশিয়ার প্রায় প্রতিটি দেশে ক্যারম খেলার জনপ্রিয়তা রয়েছে। আমাদের সবার উচিত খেলোয়াড়দের জন্য বেশি করে এ খেলার আয়োজন করা।  তিনি আরও বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে খেলাধুলার প্রসার ঘটাতে একটি বার্ষিক ক্যালেন্ডার গ্রহণ করা হয়েছে, যাতে করে খেলোয়াড়রা নির্দিষ্ট সময়ের মধ্যে খেলাধুলায় অংশগ্রহন করতে পারে এবং জানতে পারে কোন সময় কোন প্রতিযোগিতা রয়েছে।

আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, সিলেটসহ দেশের অন্যান্য জেলার খেলোয়াড়দের জন্য এই আয়োজন খেলোয়াড়দেরকে আরো বড় পরিসরে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।

জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং বিপুল চন্দের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আশরাফ হোসেইন আরমান, সিলেট ক্যারম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তৈয়ব মোহাম্মদ হাসান, সিলেট ক্যারম এসোসিয়েশনের সহ-সভাপতি প্রভাষক নূরে কামাল ও নামজুল হোসেন সুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী সৈয়দ মতিন মিয়া সহ জাতীয় ক্যারম প্রতিযোগিতা জয়ী খেলোয়াড়বৃন্দ।

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতা এবং সিলেট ক্যারম এসোসিয়েশনের আয়োজনে এ প্রতিযোগিতায় মোট ৮৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। যেখানে ৯ জন নারী খেলোয়াড়ও রয়েছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *