রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ: সান্তাহারে মানববন্ধনে লীজ গ্রহীতাদের প্রতিবাদ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক –

রেলওয়ে ভূমির ভাড়া হঠাৎ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি এবং বকেয়া ভাড়া আদায়ের সিদ্ধান্তের প্রতিবাদে বগুড়ার আদমদীঘির সান্তাহারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন লীজ গ্রহীতারা।

সোমবার (তারিখ) সকাল ১১টায় সান্তাহার রেলগেট চত্বরে রেলওয়ে ভূমির বিভিন্ন শ্রেণির লীজ গ্রহীতাদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রেলওয়ে লীজ গ্রহীতা শফিকুল ইসলাম ডিকেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন পল্লী চিকিৎসক আমজাদ হোসেন, ব্যবসায়ী শহিদুর রহমান, মতিউর রহমান, শহিদুল ইসলাম, গুলবর রহমান, মনির হোসেন, রফিকুল ইসলাম ও আখতারুজ্জামানসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, গত অর্থবছরে রেলওয়ে বাণিজ্যিক ভূমির ভাড়া প্রতি বর্গফুট ৪৫ টাকা হারে পরিশোধ করা হলেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে তা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু তাই নয়, গত অর্থবছরের জন্যও অতিরিক্ত ৩৫ টাকা হারে বকেয়া ভাড়া আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাদের দাবি, নতুন সিদ্ধান্ত অনুযায়ী একজন লীজ গ্রহীতাকে প্রতি বর্গফুটে অতিরিক্ত অর্থ পরিশোধের পাশাপাশি ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ আয়করও দিতে হবে, যা ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ লীজ গ্রহীতাদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, কৃষি জমির ভাড়াও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। আগে প্রতি একর কৃষি জমির বার্ষিক ভাড়া ৬ হাজার টাকা থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ১৪ হাজার ৪০০ টাকা করা হয়েছে। এতে প্রান্তিক কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং কৃষি উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

লীজ গ্রহীতারা অবিলম্বে গত বছরের অতিরিক্ত ৩৫ টাকা আদায়ের সিদ্ধান্ত বাতিল, বর্ধিত ভাড়া পুনর্বিবেচনা এবং সহনীয় পর্যায়ে ভাড়া নির্ধারণের দাবি জানান। তারা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে ভূসম্পত্তি বিভাগের ভারপ্রাপ্ত কানুনগো (আমিন) আমিনুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। গত বছর যারা ৪৫ টাকা হারে ভাড়া পরিশোধ করেছেন, তাদের চলতি বছরে বকেয়া ৩৫ টাকাসহ মোট ১১৫ টাকা হারে ভাড়া পরিশোধ করতে হবে।##

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *