সিলেটসহ সারাদেশে হাম-রোবেলা ভাইরাসের টিকা নিশ্চিত করে শিশুদের জীবন রক্ষা করুন: বাসদ

অগ্রাধিকার বিবেচনায় হাম-রোবেলা ভাইরাসের টিকা প্রাপ্তি নিশ্চিত করে শিশুদের জীবন রক্ষা করা, হাম-রোবেলা টিকা প্রদানে গাফিলতির জন্যে দায়ী সকলের বিচারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৯ মে শনিবার বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, এম এ ওয়াদুদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নাজিকুল ইসলাম রানা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ সভাপতি জহর সিংহ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সংগ্রাম পরিষদের সহ সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, টিকাকে কার্যকর করতে হলে ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা দরকার; কিন্তু বাস্তবে তা হয়নি। ২০২৩ সালের ইপিআইয়ের মূল্যায়ন প্রতিবেদনে দেখা গেছে, টিকা পেয়েছে ৮২ শতাংশ শিশু। অর্থাৎ প্রতিবছর ১৮ শতাংশ বা এর বেশি শিশু টিকার বাইরে থেকে যায়।হামে আক্রান্ত শিশুদের মধ্যে ৮৫ শতাংশই পাঁচ বছরের কম বয়সী।  বক্তারা বলেন, শিশুদের ওপর একের পর এক অন্যায় করা হয়েছে। মায়ের বুকের দুধ খাওয়ানোর পক্ষে প্রচার নেই, ভিটামিন এ ক্যাম্পেইন নেই, কৃমিনাশক ঠিকমতো খাওয়ানো হয়নি। এসবই অপুষ্টি বাড়িয়েছে। এর মধ্যে ঠিক সময়ে হামের টিকা না পেয়ে শিশুরা অরক্ষিত অবস্থায় চলে যায়। তারই পরিণতি এই প্রাদুর্ভাব, এত মৃত্যু।

বক্তারা সিলেট সহ সারাদেশে হামের টিকা নিশ্চিত করা এবং হাম-রোবেলা  টিকা নিয়ে গাফিলতির দায়ীদের শাস্তি নিশ্চিত করার আহবান জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *